স্বেচ্ছায় মাঠের বাইরে মিসবাহ
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলেননি পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। স্বেচ্ছায়ই তিনি এই বিরতি নিয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান।
২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে থেকে যাওয়ার ব্যাপারটি মিসবাহর ওপরই বোর্ড ছেড়ে দিয়েছে বলে জানান পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
আবু ধাবিতে শাহরিয়ার জানান, শ্রীলঙ্কা ও এখানে (সংযুক্ত আরব আমিরাতে) রান না পাওয়ায় মিসবাহ সিদ্ধান্ত নেন, তার বিরতি প্রয়োজন। “এটা তার সিদ্ধান্ত। এটা করতে কেউ তাকে বাধ্য করেনি।”
২০১৪ সালের ১০ ম্যাচে মিসবাহর গড় মাত্র ২২.৫০। তার শেষ পাঁচ ইনিংস এমন- ১৩, ৩৬, ১৮, ০ ও ১৫ রান।
রোববার মিসবাহর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি।
