২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব, সানির নৈপুণ্যে বাংলাদেশের ব্রোঞ্জ

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য আর আরাফাত সানির অসাধারণ বোলিংয়ে এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 03:34 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দলটির কাছেই দেশের মাটিতে হেরেছিল তারা।

ইনচনের ইয়োনহুই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬২ রান করে বাংলাদেশ।

সর্বোচ্চ ৪৬ রান করেন সাকিব। তার ৩৭ বলের ইনিংসটি ২টি ছক্কায় গড়া। বাংলাদেশের সংগ্রহ দেড়শ’ পার হওয়ায় বড় অবদান মাহমুদুল্লাহ রিয়াদেরও। মাত্র ২১ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি।

এছাড়া শামসুর রহমান ২৬ ও তামিম ইকবাল ২২ রান করেন।

হংকংয়ের নাদিম ৩ উইকেট নেন ৩৬ রানে।

জবাবে ৭ উইকেটে ১৩৫ রান তোলে হংকং।

দুই বাঁহাতি স্পিনার আরাফাত ও সাকিবের ঘূর্ণিতে ৪১ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি হংকংয়ের।

সপ্তম ওভারে ইরফান আহমেদকে বিদায় করে হংকংয়ের অঘটন ঘটানোর স্বপ্ন ভেঙে দেন সানি। ১৮ বলে ৪টি ছক্কার সাহায্যে ৩১ রান করেন ইরফান।

এরপর মার্ক চ্যাপম্যান (৩৮), আইজাজ খান (অপরাজিত ২৬) পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল।

২২ রানে ৩ উইকেট নিয়ে সানি বাংলাদেশের সেরা বোলার। আর সাকিব ২ উইকেট নেন ২৩ রানে।

টসে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছনো শ্রীলঙ্কা সোনা জিতেছে। ফাইনালে ১৩৩ রান করা দলটি আফগানিস্তানকে ৬৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৬৮ রানের জয় পেয়েছে।