২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনভিজ্ঞ বোলার নিয়ে লড়াই বাংলাদেশের

অনভিজ্ঞ বোলারদের নিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। তবে অতিথিদের আঁটোসাটো বোলিংয়ের পরও ক্রেইগ ব্রেথওয়েইটের অপরাজিত শতকে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানেই ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 08:00 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

শুক্রবারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ২৬৪ রান। ব্রেথওয়েইট ১২৩ ও শিবনারায়ন চন্দরপল ১ রানে ব্যাট করছেন। ব্রেথওয়েইটের ২৬৯ বলের ইনিংসটি ৮টি চার সমৃদ্ধ।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডারকে (১৫৬) পেছনে ফেলে বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন চন্দরপল (১৫৭)।

কিংসটাউনের আর্নস ভেল গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন ক্রিস গেইল ও ব্রেথওয়েইট। প্রথম সেশনে এই দুজনের দৃঢ়তায় ১০৩ রান তুলে স্বাগতিকরা।

দ্বিতীয় সেশনে দুই অভিষিক্ত শুভাগত হোম চৌধুরী ও তাইজুল ইসলামের হাত ধরে দুটি সাফল্য পায় বাংলাদেশ।

ব্যক্তিগত ৫২ রানে রুবেল হোসেনের বলে একবার জীবন পাওয়া গেইলকে ফিরিয়ে ৩৯.১ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি ভাঙেন অফস্পিন অলরাউন্ডার শুভাগত।

সুইপ করতে গেলে গেইলের সামনের পায়ে বল লাগে। বাংলাদেশের খেলোয়াড়রা জোরালো আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। পরে অনেকক্ষণ ভেবে রিভিউ চান মুশফিকুর রহিম। তাতেই প্রথম সাফল্য পায় অতিথি দল।

গেইলের (৬৪) ১০৫ বলের ইনিংসটিতে রয়েছে ১০টি চার ও ১টি ছক্কা। এটি তার ৩৭তম অর্ধশতক।

তিন ওভার পর বাঁহাতি স্পিনার তাইজুলের বলে মুমিনুল হকের হাতে ধরা পড়ে ফিরেন কার্ক এডওয়ার্ডস।

তৃতীয় উইকেটে ড্যারেন ব্র্যাভোকে নিয়ে আবার প্রতিরোধ গড়েন ব্রেথওয়েইট। অর্ধশতক করা ব্র্যাভোর সঙ্গে ১২৮ রানের চমৎকার জুটি উপহার দিয়ে দ্বিতীয় টেস্ট শতকে পৌঁছান ডানহাতি এই ব্যাটসম্যান।

ব্র্যাভোকে (৬২) ফিরিয়ে ৪২.১ ওভার স্থায়ী জুটি ভাঙার কৃতিত্ব তাইজুলের। নবম অর্ধশতক পাওয়া ব্র্যাভোর ১২৬ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ১টি ছক্কায়।

বাংলাদেশের পক্ষে তাইজুল ৬৯ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২৬৪/৩ (গেইল ৬৪, ব্রেথওয়েইট ১২৩*, এডওয়ার্ডস ১০, ব্র্যাভো ৬২, চন্দরপল ১*; তাইজুল ২/৬৯, শুভাগত ১/৭৬)