দু প্লেসির ২ রানের হতাশা
মাত্র ২ রানের জন্য শতক থেকে বঞ্চিত হলেও জিম্বাবুয়ের বিপক্ষে দলের বড় লিড নেয়ায় ভালো অবদান রেখেছেন ফাফ দু প্লেসি। অভিষিক্ত জন নিউম্বু ৫ উইকেট নিলেও প্রথম ইনিংসে ৩৯৭ রান করে দক্ষিণ আফ্রিকা।
হারারেতে একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ২৮ রান। ভুসি সিবান্দা ৮ ও নাইট ওয়াচম্যান ডোনাল্ড টিরিপানো ১ রানে ব্যাট করছেন।
মর্নে মরকেলের বলে এবি ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৯ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা। অতিথিদের আবারও ব্যাটিংয়ে নামাতে এখনো ১১৩ রান করতে হবে জিম্বাবুয়েকে।
সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৪ উইকেটে ২০১ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের সঙ্গে আগের দিনের ৪৪ রানের জুটিকে ১১৯ পর্যন্ত নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন দু প্লেসি।
৯৮ রান করা প্লেসির ২৬৪ বলের ইনিংসটি ১১টি চার সমৃদ্ধ। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি ডি ককও (৮১)।
থিতু হওয়া দুই ব্যাটসম্যানের বিদায়ে উজ্জ্বীবিত হয়ে উঠে স্বাগতিক শিবির। তবে টেল এন্ডারদের নিয়ে দলকে ১৪১ রানের কার্যকর লিড এনে দেন জেপি ডুমিনি (৫৫)। দলের সংগ্রহ চারশর কাছাকাছি নিয়ে যাওয়ার পর শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি।
জিম্বাবুয়ের পক্ষে অফস্পিনার নিউম্বু ৫ উইকেট নেন ১৫৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২৫৬ (টেইলর ৯৩, মাসাকাদজা ৪৫; স্টেইন ৫/৪৬, পিট ৪/৯০) ও ২৮/১ (মাসাকাদজা ১৯, সিবান্দা ৮*, টিরিপানো ১*; মরকেল ১/০)
দক্ষিণ আফ্রিকা: ৩৯৭ (এলগার ৬১, পিটারসেন ৩২, দু প্লেসি ৯৮, আমলা ৪, ডি ভিলিয়ার্স ৭, ডি কক ৮১, ডুমিনি ৫৫, ফিল্যান্ডার ১৭, স্টেইন ১৯, পিট ১৩, মরকেল ২*; নিউম্বু ৫/১৫৭, টিরিপানো ২/৬৫, উইলিয়ামস ২/৯৫, চাটারা ১/৩৪)
