রবসনের শতকে এগিয়ে ইংল্যান্ড
স্যাম রবসনের প্রথম শতকে হেডিংলি টেস্টে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩২০/৬।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৫৭ রানে অলআউট করা ইংল্যান্ড ৪ উইকেট হাতে নিয়ে ৬৩ রানে এগিয়ে।
শনিবার লিডসে বিনা উইকেটে ৩৬ রান খেলা শুরু করা ইংল্যান্ড দিনের শুরুতেই হারায় অধিনায়ক অ্যালিস্টার কুককে। তবে গ্যারি ব্যালান্সের সঙ্গে রবসনের ১৪২ রানের জুটিতে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যায় স্বাগতিকরা।
৭৪ রান করে ব্যালান্স ফিরে গেলেও অবিচল ছিলেন দ্বিতীয় টেস্ট খেলতে নামা রবসন। নুয়ান প্রদীপের বলে বোল্ড হওয়ার আগে ১২৭ রান করেন তিনি। তার ২৫৩ বলের ইনিংসটি ১৫টি চার ও ১টি ছক্কায় সাজানো।
এছাড়া ৬৪ রান করেন ইয়ান বেল। শেষ বেলায় ৩ রানে তিন উইকেট নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে অতিথিরা।
শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও শামিন্দা এরাঙ্গা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২৫৭ (সাঙ্গাকারা ৭৯, চান্দিমাল ৪৫; প্লানকেট ৫/৬৪, ব্রড ৩/৪৬)
ইংল্যান্ড: ৩২০/৬ (কুক ১৭, রবসন ১২৭, ব্যালান্স ৭৪, বেল ৬৪, রুট ১৩, মঈন ২, প্রায়র ৩*, জর্ডান ৪*; ম্যাথিউস ২/২৯, এরাঙ্গা ২/৬৩, প্রসাদ ১/৭৫, প্রদীপ ১/৯০)
