২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ বাঁচানোর শেষ সুযোগ বাংলাদেশের

ভারতের অনভিজ্ঞ দলটির বিপক্ষে সিরিজ বাঁচিয়ে রাখার শেষ সুযোগ বাংলাদেশের। চলতি বছরে এখনো ওয়ানডেতে কোনো জয় না পাওয়া মুশফিকুর রহিমের দল জয়ে ফিরতে মরিয়া। তাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়াইয়ের প্রতিশ্রুতি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 09:59 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৭ উইকেটে হারে বাংলাদেশ। মঙ্গলবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে। খেলা শুরু হবে বেলা একটায়।

রোববার তামিম ইকবাল ও মুমিনুল হক দ্রুত ফেরায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আর মুশফিক, সাকিব আল হাসান, এনামুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে সেট হলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি।

মঙ্গলবারে তাই সেট হওয়া ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত ক্রিজে দেখতে চায় বাংলাদেশ।

সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন ব্যাটসম্যানদের কাছ থেকে আগ্রাসী ব্যাটিং দেখতে চান। তিনি মনে করেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের মন্থর ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে আক্রমণাত্মক বোলিংয়ের সুযোগ পেয়েছে অতিথি বোলাররা। ভারতের অনভিজ্ঞ বোলিং লাইন আপের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং দেখতে চেয়েছেন তিনি।

২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক বোলারদের সাবলীলভাবে খেলেছেন ভারতের ব্যাটসম্যানরা। নতুন বলে মাশরাফি বিন মুর্তজা ও আল-আমিন হোসেন তেমন কিছু করতে পারেননি। সাকিব দুটি উইকেট পেলেও আব্দুর রাজ্জাককে সহজেই খেলেছেন রবিন উথাপ্পা ও অজিঙ্কা রাহানেরা।

আগের ম্যাচে উদ্বোধনী জুটিই ভারতকে চালকের আসনে বসায়। তাই শুরুতে উইকেট চায় স্বাগতিকরা। বোলিংয়ে ধার বাড়াতে অভিষেক হতে পারে তরুণ পেসার তাসকিন আহমেদের।

ভারত দলে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। প্রথম ওয়ানডেতে জয়ের পর সোমবার অনুশীলনও করেনি দলটি। জয় দিয়ে শুরু করায় নির্ভার বিশ্ব চ্যাম্পিয়নরা এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায়।