২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অপরাজিত সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে সালমান

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন তার সতীর্থ সাইম আইয়ুব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

শ্রীলঙ্কার বিপক্ষে সালমান আলি আগার সেঞ্চুরির প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে টানা দুই ফিফটিতে এগিয়েছেন তার সতীর্থ সাইম আইয়ুবও।

যথারীতি বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ১৪ ধাপ এগিয়েছেন সালমান। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে তিনি এখন ১৬ নম্বরে। এই সংস্করণে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানের আগের সেরা অবস্থান ছিল ৩০তম।

লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯ চারে ৮৭ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সালমান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি ৬ রানে জিতে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা।

সাইমের অগ্রগতি ১৮ ধাপ, আছেন আফগানিস্তানের রেহমাত শাহর সঙ্গে যৌথভাবে ৩৫তম স্থানে। প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারানো সিরিজের শেষ দুই ওয়ানডেতে যথাক্রমে ৫৩ ও ৭৭ রান করেন পাকিস্তান ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবশ্য ব্যর্থ তিনি, করতে পারেন কেবল ৬ রান।

ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে আর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (৪ ধাপ এগিয়ে ১৫তম), ম্যাথু ব্রিটস্কি (৮ ধাপ এগিয়ে ৪৯তম) ও টনি ডি জর্জির (৭ ধাপ এগিয়ে ৬৪তম)।

এই তালিকায় আগের মতোই শীর্ষে আছেন ভারতের রোহিত শার্মা। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় আফগানিস্তানের রাশিদ খান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ১৮ ধাপ এগিয়েছেন আবরার আহমেদ। পাকিস্তানের এই লেগ স্পিনার এখন আছেন ২০ নম্বরে।

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৫৪ রানে ৩ উইকেট নিয়ে এক ধাপ উন্নতি করেছেন; এই লেগ স্পিনার আছেন নবম স্থানে। বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার; ৪৬ ধাপ এগিয়ে এই পেসার আছেন ৭৩তম স্থানে।

নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এই হালনাগাদে। ম্যাচ দুটিতে ৪ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন জ্যাকব ডাফি। এখন তৃতীয় স্থানে আছেন নিউ জিল্যান্ডের পেসার।

আফগানিস্তানের রাশিদ খান এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে। আগের মতো শীর্ষে ভারতের ভারুন চক্রবর্তী। ব্যাটসম্যানদের মধ্যে যথারীতি চূড়ায় ভারতের আভিশেক শার্মা।

নিউ জিল্যান্ডের টিম রবিনসন ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে। তার সতীর্থ ড্যারিল মিচেল (৪৩তম) ও মার্ক চ্যাপম্যানের (৪৬তম) উন্নতি যথাক্রমে ৭ ও ৯ ধাপ করে।

ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলের অগ্রগতি ৪ ধাপ, অবস্থান ৩০তম। ২৬ ধাপ এগিয়ে তার সতীর্থ আলিক আথানেজ আছেন ৫৮তম স্থানে।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সাইম। আর ওয়ানডেতে যথারীতি চূড়ায় আজমাতউল্লাহ ওমারজাই।