টেস্ট সিরিজে নেই লাকমল
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না পেসার সুরঙ্গা লাকমলের। তার জায়গায় দলে ফিরেছেন বাঁহাতি পেসার চানাকা ওয়েলেগেদারা।
দুই ম্যাচের সিরিজের জন্য ১৫ সদস্যের দলে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউসসহ ৮ জনের ইংল্যান্ডে টেস্ট খেলার কোনো অভিজ্ঞতা নেই। এশিয়ার বাইরে অধিনায়ক হিসেবে এটাই হতে যাচ্ছে ম্যাথিউসের প্রথম টেস্ট সিরিজ।
সর্বশেষ ১৮ মাস আগে টেস্ট খেলেছিলেন দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার ওয়েলেগেদারা।
আগে থেকেই ইংল্যান্ডে আছেন নুয়ান কুলাসেকারা, সামিন্দা এরাঙ্গা, নুয়ান প্রদীপ ও ধাম্মিকা প্রসাদ। তার সঙ্গে আছেন দুই স্পিনার রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা।
টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন দীনেশ চান্দিমাল। উইকেটরক্ষকের দায়িত্বে ফিরছেন প্রসন্ন জয়াবর্ধনে।
জায়গা ধরে রেখেছেন উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ও কৌশল সিলভা। কিন্তু বাদ পড়েছেন কিথুরুয়ান ভিথানাগে।
১২ জুন লর্ডসে প্রথম ও ২০ জুন লিডসে দ্বিতীয় টেস্ট শুরু হবে।
দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কৌশল সিলভা, দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দীনেশ চান্দিমাল, প্রসন্ন জয়াবর্ধনে (উইকেটরক্ষক), রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, সামিন্দা এরাঙ্গা, নুয়ান কুলাসেকারা, চানাকা ওয়েলেগেদারা, নুয়ান প্রদীপ, ধাম্মিকা প্রসাদ।
