২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরে দুটি শিরোপার উচ্ছ্বাস সাকিবের

আইপিএল বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে অপার এক আনন্দের টুর্নামেন্ট। গত ৩ বছরে দুটি শিরোপা জিতেছে তার কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে দারুণ খুশি বাংলাদেশের সাবেক অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 12:34 AM

Updated : 13 Oct 2022, 12:10 PM

২০১২ সালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল কলকাতা। রোববার কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে দলটি।

ম্যাচ শেষে মাঠে কলকাতা খেলোয়াড়দের উৎসবে মাইক্রফোন নিয়ে হাজির হন ধারাভাষ্যকার। সাকিবকে পেয়ে প্রশ্ন করেন, কেমন লাগছে?

এক কথায় সহজ উত্তর দেন সাকিব, “তিন বছরে দুই বার শিরোপা জিতলাম, ভালো লাগবে না?”

২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একটু চাপে ছিলেন স্বীকার করলেও জয়ের ব্যাপারে সব সময়ই আত্মবিশ্বাসী ছিলেন বলে জানান সাকিব। বোলিংয়ে টানা চার ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ২৬ রান দেন তিনি। আর রান আউট হওয়ার আগে ৭ বলে ১২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি।

এবারের আইপিএলটা সত্যি দারুণ কেটেছে সাকিবের। ১৩ ম্যাচ ৩২.৪২ গড়ে ২৭২ রান করেছেন, সর্বোচ্চ ইনিংসটি ৬০ রানের। বল হাতেও ছিলেন দারুণ কার্যকর। ৩০.৩৬ গড়ে পেয়েছেন ১১ উইকেট। ২২ রানে ২ উইকেট ম্যাচ সেরা বোলিং তার। এ ছাড়া মাত্র ৬.৬৮ রান গড়ে রান দিয়ে দলের দ্বিতীয় কম খরুচে বোলারও তিনিই।