উইন্ডিজ ক্যাম্প না কলকাতার ফাইনাল?
কঠিন একটি সিদ্ধান্ত নিতে হবে সুনীল নারায়ণকে। আইপিএল ফাইনাল অথবা ওয়েস্ট ইন্ডিজ ক্যাম্পের যে কোনো একটা বেছে নিতে হবে এই অফস্পিনারকে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে রোববার আইপিএলের ফাইনালে খেললে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) দেয়া সময়সীমার মধ্যে ক্যাম্পে যোগ দিতে পারবেন না তিনি। দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১ তারিখের ভেতর প্রস্তুতি ক্যাম্পে ক্রিকেটারদের যোগ দেয়ার নির্দেশ রয়েছে বোর্ডের।
সিদ্ধান্তটা পুরোপুরি সুনীলের উল্লেখ করে ডব্লিউআইসিবির প্রধান নির্বাহী মাইকেল মুরিনহেড বলেন, “আইপিএলে অংশ নেয়া খেলোয়াড়দের বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে ২২ মে থেকে পিছিয়ে ১ জুন পর্যন্ত ক্যাম্পে যোগ দেয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। যারা এটা ভাঙবেন তাদের দলের জন্য বিবেচনা করা হবে না।”
সুনীল নারায়ণের পক্ষে কলকাতার প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইশোর বলেন, সুনীল কলকাতার হয়েও ফাইনাল খেলতে চান আবার নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের হয়েও খেলতে চান। তাই বোর্ডের কাছে বাড়তি কয়েক দিন সময় চেয়েছেন তিনি।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের আগে ঠিক এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় হওয়া সেই আইপিএল আসরে খেলা ক্রিস গেইলের অনুরোধ রেখে সময় বাড়িয়েছিল ডব্লিউআইসিবি।
লর্ডসে টেস্ট শুরুর মাত্র দুই দিন আগে লন্ডনে পৌঁছান ওয়েস্ট ইন্ডিজের তৎকালীন অধিনায়ক, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।
