২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের অর্ধশতক, কলকাতার জয়

আইপিএলে প্রথম অর্ধশতক পেয়েছেন সাকিব আল হাসান। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩০ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে তার দল কলকাতা নাইট রাইডার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 08:12 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

আইপিএলে কলকাতার বড় ভরসার নাম হয়ে উঠেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে আইপিএলে প্রথম অর্ধশতক পেলেন সাকিব। বল হাতে কোনো উইকেট পাননি। তবে ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৭ রান।  

টসে হেরে ব্যাট করতে নেমে চার ওভারের মধ্যে ২৩ রানে অধিনায়ক গৌতম গম্ভীর ও মনিশ পান্ডের উইকেট হারায় কলকাতা। এর পর সপ্তম ওভারের শেষ বলে দলীয় ৫৬ রানে ইউসুফ পাঠানও (২২) আউট হয়ে গেলে চাপে পড়ে তারা।

এই সময়ে কলকাতার ত্রাতা হয়ে উইকেটে আসেন সাকিব। ১৯তম ওভারে আবু নেশিমের বলে বোল্ড হওয়ার আগে ৩৮ বলে ৬০ রান করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। অসাধারণ এই ইনিংসটি তিনি সাজিয়েছেন ৫টি চার ও ৩টি ছয়ে। বিশাল ৩টি ছক্কাই সাকিব মেরেছেন যুজভেন্দ্র চাচালের বলে।

আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে ৭০ বলে রবিন উথাপ্পার সঙ্গে গড়েছেন ম্যাচ সর্বোচ্চ ১২১ রানের জুটি।

সাকিব আউট হলেও উথাপ্পার ৫১ বলে অপরাজিত ৮৩ রানের (১০টি চার ও একটি ছয়) ইনিংসের কল্যাণে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই মাত্র ৭ রানে ক্রিস গেইলকে (৬ রান) হারায় ব্যাঙ্গালোর। যোগেশ তাকাভালের সঙ্গে জুটি বাধেন অধিনায়ক বিরাট কোহলি।

দুজনে মিলে ৮৫ রানের জুটি গড়লেও তা জয়ের ভিত গড়ে দিতে পারেনি। তাদের দ্রুত রান তুলতে দেননি সাকিবই।

ইনিংসের অষ্টম ওভারে বল করতে এসে টানা ৪ ওভার বল করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। প্রথম ওভারে দিয়েছেন ৪ রান। দ্বিতীয় ওভারে ৫ আর নিজের চতুর্থ ও শেষ ওভারে দিয়েছেন ৭ রান। সবচেয়ে বেশি ১১ রান দিয়েছেন নিজের তৃতীয় ওভারে।

৩১ বলে ৩৮ রান করেছেন কোহলি, আর তাকাভাল ৩৬ বলে করেছেন ৪৫ রান। দুজনকেই আউট করেন সুনীল নারায়ন।

এর পর যুবরাজ সিং আর এবি ডি ভিলিয়ার্স চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি। ১৩ বলে ১৩ রান করে আউট হয়েছেন ডি ভিলিয়ার্স। একটি চার ও ২টি ছয়ে ১২ বলে ২২ রান করেছেন যুবরাজ।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে ব্যাঙ্গালোর।

ওয়েস্ট ইন্ডিজের বোলার নারায়ন ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা। এর আগে প্লে-অফ নিশ্চিত করেছিল পাঞ্জাব ও চেন্নাই। আর এই ম্যাচ হেরে প্লে-অফের খেলার সুযোগ হারালো ব্যাঙ্গালোর।