ওয়ার্নার ও ধাওয়ানের ব্যাটে হায়দরাবাদের জয়
টানা তিনটি হারের পর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখলো হায়দরাবাদ সানরাইজার্স। ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের দৃঢ়তায় ৭ উইকেটে জিতেছে তারা।
এই জয়ের ফলে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বাইকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে হায়দরাবাদ। সমান ম্যাচ খেলে পঞ্চম স্থানে থাকা ব্যাঙ্গালোরের পয়েন্টও ১০, তবে রানরেটে এগিয়ে আছে তারা।
সোমবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে হায়দরাবাদের শুরুটা হয় দারুণ। ৮৫ বলে ১০০ রানের জুটি গড়ে জয়ের ভিতটা গড়ে দেন ধাওয়ান ও ওয়ার্নার। ৩৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫০ রান করে রান আউট হন ধাওয়ান।
দলীয় ১২৬ রানে ৫৯ রান করে ওয়ার্নার ফিরে গেলেও জিততে কোনো সমস্যা হয়নি হায়দরাবাদের। দুই বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে তারা।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ওয়ার্নারের ৪৬ বলের ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ৪টি ছক্কায় ।
৩৬ রান দিয়ে ২ উইকেট নেন ব্যাঙ্গালোরের বরুন অ্যারন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২৩ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব প্যাটেল (৫) ও ক্রিস গেইলকে (১৪) হারিয়ে বিপদে পড়ে যায় ব্যাঙ্গালোর। তবে যুবরাজ সিংয়ের (২১) সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে ওঠেন অধিনায়ক বিরাট কোহলি।
চতুর্থ উইকেটে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ৬১ রানের আরেকটি জুটি গড়ে বড় ইনিংসের সম্ভাবনাও জাগিয়েছিলেন কোহলি। শেষ পর্যন্ত অবশ্য ১৬০ রানের বেশি করতে পারেনি দলটি। ৪১ বলে সমান ৪টি করে চার ও ছক্কায় ৬৭ রান করেন কোহলি। এছাড়া ১৭ বলে ২৯ রান করেন ডি ভিলিয়ার্স।
হায়দরাবাদের পক্ষে ২৭ রানে ২ উইকেট নেন পেসার ভুবনেশ্বর কুমার।
