২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশীয় কোচরাও প্রস্তুত: বুলবুল

শেন জার্গেনসেনের উত্তরসূরি খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল জানালেন, দেশীয় কোচরাও এ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 11:17 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বুলবুল বলেন, “আমি একজন পেশাদার কোচ। কোচের ব্যাপারে প্রস্তাব এলে অবশ্যই তা ভেবে দেখবো। আমার মনে হয়, দেশীয় কোচদের মধ্যে প্রধান কোচের দায়িত্ব নেয়ার জন্য অনেকেই প্রস্তুত আছেন।”

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি কাজে দেশে এসেছেন বুলবুল। মঙ্গলবার বাংলাদেশের ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল স্টেডিয়ামে বসে দেখেন তিনি।

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, আপাতত স্থানীয় কোচ নিয়ে ভাবছেন না তারা। বিদেশি কোচের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এ প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেন, “আমাদের দেশের আট-দশজন লেভেল থ্রি করেছেন। আমি মনে করি, দেশীয় কোচদের সুযোগ দেয়া উচিত। সুযোগ না দিয়ে কিভাবে বলবো তারা পরিপূর্ণ হতে পারছেন কি না। তাহলে পনের বছর পরেও কি আমরা বলবো, আমাদের দেশে মান সম্পন্ন কোন কোচ নেই। তাহলে আমরা কি এই জায়গাটাতে কাজ করিনি। এই বিষয়টা ভেবে দেখা উচিত।”

কোচ কেন শতভাগ দিতে পারছেন না তা দুর্ভাবনার বিষয় জানিয়ে সাবেক এই তারকা ব্যাটসম্যান বলেন, “বাংলাদেশ হলো এমন একটা দেশ, যার উন্নতির সম্ভবনা রয়েছে। কোচিং করারও বিশাল ক্ষেত্র রয়েছে।”

“কোচিং পুরোটাই হলো সম্পর্কের ব্যাপার। ব্যবস্থাপনাও একটা বড় ব্যাপার। কোচের উচিৎ একটা খেলোয়াড়কে ভালো করে বুঝতে পারা। বাংলাদেশ দলের জন্য এমন একজন কোচ আশা করছি, যে কিনা টপলেভেলের খেলোয়াড়দের সাহায্য করবে এবং উদীয়মান ক্রিকেটারদের তৈরি করবে”, যোগ করেন তিনি।