২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন রাজ্জাক

আগের দিন শত রানের অবিচ্ছিন্ন জুটি গড়া নাসির হোসেন ও ফরহাদ হোসেনকে মূল বাধা হিসেবে দেখছিলেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন জাতীয় দলের এই স্পিনার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 05:12 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

পুরনো খবর:

বিসিএল শিরোপা দক্ষিণাঞ্চলের

মঙ্গলবার বিসিবি উত্তরাঞ্চলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জয়ের পর রাজ্জাক বলেন, “আমার প্রধান লক্ষ্য ছিল ফরহাদ হোসেন ও নাসির হোসেনকে দ্রুত ফেরানো। ওরা বিদায় নিলে আর কেউ তেমন কিছু করতে পারবে না। ওরা খুব ভালো খেলছিল।”

“যে কোনো ক্রিকেটে একটা-দুইটা জুটি হবেই। উইকেটের যে কন্ডিশন এখানে তো অবশ্যই জুটি হবে। এখানে উইকেট নেয়া অনেক কঠিন ব্যাপার”, যোগ করেন তিনি।

নাসির-ফরহাদ জুটি গড়লেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে বাঁহাতি এই স্পিনার বলেন, “শেষ দিন ওদের আরো ৩১৯ রান প্রয়োজন ছিল। এই রানের মধ্যে ওদের অলআউট করতে পারার আত্মবিশ্বাস আমাদের ছিল। আমার মনে হয় ওদের কাজটা একটু বেশি কঠিন ছিল।”

১০২ রানে ৬ উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের জয়ে বড় ভূমিকা রাখেন রাজ্জাক। কিন্তু ঘরোয়া ক্রিকেটে 'স্পোর্টিং উইকেট' চান তিনি।

“প্রথম যেদিন উইকেট দেখেছিলাম তখন মনে হয়েছিল পেসাররা হয়তো ৬/৭টা করে উইকেট পাবে। তবে ঘাসের নিচে এতো ‘হার্ড’ হবে বুঝতে পারিনি আমরা। ‘স্পোর্টিং’ উইকেট হলে সবাই চেষ্টা করতে পারে।”

অধিনায়ক হিসেবে খুলনার হয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতেছিলেন রাজ্জাক। এবার জিতলেন দেশের দ্বিতীয় প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা। স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত রাজ্জাক।

“আর জিতলে আনন্দ হয়ই, এখানেও তাই। আর সবচেয়ে বড় কথা এটা আমাদের অন্যতম সেরা প্রথম শ্রেণির টুর্নামেন্ট। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। জিতে অবশ্যই খুব ভালো লাগছে। বিশেষ ধন্যবাদ জানাতে চাই সতীর্থদের। সাপোর্টিং স্টাফরাও খুবই সহায়তা করেছে।”