২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব হারিয়ে টেস্ট থেকেই অবসরে স্যামি

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়কত্ব হারিয়ে একেবারে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন ড্যারেন স্যামি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 01:51 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

পুরনো খবর:

ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক রামদিন

শুক্রবার ড্যারেন স্যামিকে সরিয়ে উইকেটরক্ষক দীনেশ রামদিনকে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এর কয়েক ঘণ্টার মধ্যেই অবসরের ঘোষণা দেন স্যামি, যা এক বিবৃতিতে জানায় বোর্ড।

অলরাউন্ডার স্যামি অবশ্য এখনও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আছেন। আর বোর্ডকে ওয়ানডে ক্রিকেট খেলে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ওল্ড ট্র্যাফোর্ডে ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট লুসিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হয় স্যামির। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানের বিনিময়ে ৭ উইকেট নেন স্যামি, ৩৮ টেস্টে যা এখন পর্যন্ত তার সেরা বোলিং।

মাত্র ৮টি টেস্ট খেলা স্যামিকে ২০১০ সালের অক্টোবরে ক্রিস গেইলের জায়গায় অধিনায়ক করা হয়।

স্যামির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ৮টি টেস্ট জিতে; হারে ১২টিতে। ড্র হয় ১০টি।

৩৮ টেস্টের ৬৩ ইনিংসে ২১.৬৮ গড়ে এক হাজার ৩২৩ রান করেন স্যামি, যাতে শতক মাত্র একটি। আর ৩৫.৭৯ গড়ে তিনি উইকেট নেন ৮৪টি।

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে স্যামির অধীনে সেমি-ফাইনাল খেলে ওয়েস্ট ইন্ডিজ।

গত বছরের মে মাসে স্যামিকে সরিয়ে ডোয়াইন ব্রাভোকে ওয়ানডের অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট দলের দায়িত্ব রামদিনকে দেয়ায় তিন ফরম্যাটের ক্রিকেটে ভিন্ন তিন অধিনায়ক পেল ক্যারিবীয় ক্রিকেট।

আগামী ৮ জুন থেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে শুরু হওয়া সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন রামদিন। এর আগে তিনটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডেতে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।