২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াকারের নিয়োগকে প্রহসন বললেন মহসিন

পাকিস্তানের কোচ হিসেবে ওয়াকার ইউনুসকে নিয়োগের প্রক্রিয়াটাকে ‘প্রহসন’ বললেন দেশটির সাবেক ব্যাটসম্যান মহসিন খান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 06:20 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

গত মঙ্গলবার সাবেক পেসার ওয়াকারকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন মঈন খান। কিন্তু বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জন্য মঈনের সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় পিসিবি।

এরপরই প্রধান কোচের পদের জন্যে আগ্রহী প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে আবেদন করার আহবান জানায় পিসিবি। কিন্তু মহসিনের মতে বিজ্ঞপ্তিতে যেভাবে বলা হয়েছিল, ওয়াকারের নিয়োগে তার কিছুই মানা হয়নি।

“তারা বলেছিল আবেদনকারীদের একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে, তারপর তাদের সাক্ষাৎকার নেয়া হবে। কিন্তু খুব দ্রুতই তারা এই প্রক্রিয়াটা সম্পন্ন করে এবং পুরো ব্যাপারটাকে হাস্যকর কতে তোলে। সবার চোখে তারা ধুলো দিয়েছে।”

দেশের কোচ হওয়ার ইচ্ছা ছিল মহসিনের। আর তার মতে এই পদের জন্য তিনি যোগ্যও ছিলেন। কিন্তু কোচ নিয়োগে কোনো নিয়মই মানা হয়নি বলে জানিয়েছেন ২০১২ সালে সংক্ষিপ্ত মেয়াদে পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করা মহসিন।

“আমি যোগ্য প্রার্থী ছিলাম কিন্তু যেসব বার্তা আমি পেয়েছি তাতে পুরো ব্যাপারটাই প্রহসন ছাড়া আর কিছুই নয়।”