মুশফিকের সমস্যা গুরুতর কিছু নয়
ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে এটা গুরুতর কিছু নয় বলেই জানিয়েছেন বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
অ্যাপোলো হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেয়ে শুক্রবার ডাক্তার দেবাশীষ বলেন, “আমরা ওর পরীক্ষার রিপোর্ট পেয়েছি। ওর ভাইরাল হেপাটাইটিসের সমস্যা দেখা দিয়েছে। এটা লিভারের এক ধরনের প্রদাহ।"
গত কয়েক দিন ধরে মুশফিক জ্বরে ভুগছেন বলে জানান দেবাশীষ। তবে এটা গুরুতর কোনো সমস্যা নয়।
“আজ (শুক্রবার) মুশফিক অনেকটাই ভালো আছে। জ্বরটাও অনেক কম।”
শনিবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে খেলা হচ্ছে না মুশফিকের। ডা. দেবাশীষ জানান, এ ধরনের অসুস্থতায় শারীরিক দুর্বলতা দেখা দেয়। যা কাটিয়ে উঠতে মুশফিকের বেশ কিছু দিন সময় লাগবে।
সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কত দিন সময় লাগবে, তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয় জানিয়ে ডা. দেবাশীষ বলেন, “আজ-কালের মধ্যে আরও কিছু টেস্টের রিপোর্ট পাওয়া যাবে। সেগুলো পাওয়ার পরই বোঝা যাবে পুরোপুরি সুস্থ হতে মুশফিকের কত দিন সময় লাগতে পারে।”
এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে মুশফিকের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হওয়ার কথা বৃহস্পতিবার দেবাশীষ চৌধুরীই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।
গত কয়েক দিন ধরে চলতে থাকা জ্বর না কমায় বৃহস্পতিবার পরীক্ষা করতে হাসপাতালে যান মুশফিক। এরপরই চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
