সেলিম মালিকের নিষেধাজ্ঞা যাচাই করছে পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম সেঠি জানিয়েছেন, সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান সেলিম মালিকের ওপর থেকে আজীবন নিষেধাজ্ঞা তুলে নেয়া যায় কিনা, তা যাচাই করে দেখবে পিসিবি।
এ প্রসঙ্গে মঙ্গলবার পিটিভি স্পোর্টসকে সেঠি জানান, আদালতের রায়ে তার নির্দোষ প্রমাণিত হওয়ার কথা বোর্ডকে জানিয়েছেন সেলিম মালিক। স্বপক্ষে কিছু প্রমাণাদিও পাঠিয়েছেন তিনি। এখন সেসব পরীক্ষা করে দেখছে পিসিবি। আগামী কয়েকদিনের মধ্যে মালিককে তার সঙ্গে দেখা করতে বলেছেন বলেও জানিয়েছেন সেঠি।
সেলিম মালিক ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হওয়া অন্য দুই সাবেক অধিনায়ক হলেন ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও দক্ষিণ আফ্রিকার হানসি ক্রোনিয়ে।
২০০০ সালে দিল্লি পুলিশের এক তদন্তে বের হয়ে আসে, বাজিকরদের কাছ থেকে টাকা নিয়ে ম্যাচ পাতিয়েছিলেন ক্রোনিয়ে। তদন্তের এক পর্যায়ে ক্রোনিয়ে স্বীকার করেন, ম্যাচ পাতানোর ঐ ষড়যন্ত্রে বাজিকরদের সঙ্গে মালিকও জড়িত ছিলেন।
পরে ওই অপরাধের দায়েই ক্রোনিয়েকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আর পিসিবি নিষিদ্ধ করে সেলিম মালিককে।
তবে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন মালিক। ২০০১ সালে নিষেধাজ্ঞার বিরুদ্ধে লাহোরের হাই কোর্টে আপিল করেছিলেন মালিক। কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দেয়। এর পর বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যান পাকিস্তানের হয়ে ১০৩টি টেস্ট ও ২৮৩টি ওয়ানডে খেলা মালিক।
এ প্রসঙ্গে রয়টার্সকে মালিক বলেন, “সাত বছর কষ্ট করার পর ২০০৮ সালে সর্বোচ্চ আদালতের নির্দেশে দায়রা জজ আমার ওপর দেয়া নিয়েধাজ্ঞা অবৈধ ঘোষণা করে।”
