ভারতেরই ফাইনাল প্রাপ্য: দু প্লেসি
যোগ্যতর দল হিসেবেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে দু প্লেসি বলেন, “বিশ্বকাপ জিততে হলে সবকিছুই শতভাগ ঠিক করতে হবে। আমাদের ছেলেরা লড়াই করেছে। কিন্তু ভারতেরই ফাইনাল প্রাপ্য।”টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাটসম্যানদের প্রশংসা করে দু প্লেসি বলেন, “ব্যাটসম্যানরা ভালো একটি স্কোর গড়েছিলেন। সেমি-ফাইনালের মতো ম্যাচে লড়াই করার মতো সংগ্রহ ছিল।”কিন্তু বিরাট কোহলির অপরাজিত ৭২ রানের সুবাদে ৫ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।“আমাদের দুর্ভাগ্য মহেন্দ্র সিং ধোনি ও তার দল জানে কিভাবে লক্ষ্য তাড়া করতে হয়। ওদের ইনিংসের গতি আগাগোড়াই ভালো ছিল। এই কাজটি ওরা বহুবার করেছে।”হারের পর অধিনায়কের কাঠগড়ায় উঠলেন বোলাররা।“আমার মনে হয়, আমরা বোলিংয়ে আরো ভালো করতে পারতাম। অতিরিক্ত বলগুলো আমাদের হারিয়েছে। এই সব ম্যাচে ছোটখাটো কাজগুলো ভালো ভাবে করতে হয়। মৌলিক কাজগুলো নির্ভুলভাবে করতে হয়।”দু প্লেসির বিশ্বাস, ৯টি ওয়াইড বল না হলে খেলার চিত্র ভিন্ন হতো। তিনি বলেন, “বাড়তি রান যে হয়েছে তা শুধু নয়, বাড়তি বলে রান করারও সুযোগ পেয়েছে ব্যাটসম্যানরা। চাপের ম্যাচে এটাই পার্থক্য গড়ে দিয়েছে।”ম্যাচ সেরা কোহলি ও অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কথা আলাদা করেই বললেন দু প্লেসি।“কোহলি অসাধারণ একটি ইনিংস খেলেছেন। সে ছিল সত্যিকারের হুমকি। ওকে থামানোর পরিকল্পনা ছিল। কিন্তু থামানো যায়নি। আর অশ্বিন খুব ভালো বল করেছে। ওকে খেলা খুব কঠিন ছিল।”
