পাকিস্তানকে হারালো ভারতের মেয়েরা
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরে জায়গা করে নিল ভারতের মেয়েরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে তারা।
পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০১৬ সালে, ভারতের মাটিতে।এর আগে বর্তমান আসরের সেমি-ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত হয়েছে। বুধবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে পরের বিশ্বকাপের টিকেট পেয়েছে নিউ জিল্যান্ডও।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বাছাই পর্বের দ্বিতীয় প্লে-অফ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০৬ রান করে ভারত। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক মিতালি রাজ। এছাড়া স্মৃতি মানধানা ২২ ও পুনম রাউত ১৭ রান করেন।পাকিস্তানের পেসার সানিয়া খান ১৫ রানে ৩ উইকেট নেন।জবাবে নাহিদা খানের ২৬ ও নিদা দারের অপরাজিত ২৪ রানে ৯ উইকেটে ১০০ রান করে পাকিস্তান। ১১ রান করেন অধিনায়ক সানা মির।১৪ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার পেসার সোনিয়া দাবির।
