২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের উইকেট নিয়ে চিন্তিত আমলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল ভারতকে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়ে খুব একটা চিন্তিত নন হাশিম আমলা। তবে মিরপুরের উইকেট খানিকটা ভাবাচ্ছে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 08:46 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা। অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের আমলা বলেন, “মনে হচ্ছে, দুই জায়গার মধ্যে কিছুটা পার্থক্য আছে। চট্টগ্রামের উইকেটে শুরুতে কিছুটা গতি ও বাউন্স ছিল, পরে তা স্পিন সহায়ক হয়ে ওঠে। এই উইকেটে (মিরপুরের) এখনও আমরা খেলিনি, তাই দেখি কি হয়।”

গ্রুপ পর্যায়ের চারটি ম্যাচই চট্টগ্রামে খেলেছে দক্ষিণ আফ্রিকা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা সাতটায় দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা।

আত্মবিশ্বাসের কমতি নেই টেস্ট ও ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের চার নম্বর খেলোয়াড় আমলার কণ্ঠে। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সেমি-ফাইনালে উঠেছে তারা। দলের পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের ব্যাপারেও সমান আশাবাদী তিনি।

চার ম্যাচে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল ব্যাটসম্যান আমলা। ৪০.৭৫ গড়ে ১৬৩ রান করেছেন তিনি।

অনুশীলনে ব্যাটসম্যানদের বেশ মনোযোগ দিয়ে রিভার্স সুইপ করতে দেখা গেল। ভারতীয় স্পিনারদের জবাব দিতেই কি এই বিশেষ প্রচেষ্টা? আমলা বলেন, “ঠিক তা নয়। সবসময়ই আমরা রিভার্স সুইপ করার অনুশীলন করি। চট্টগ্রামেও আমরা তা করেছি। ব্যাতিক্রম কিছু নয়।”

নেটে প্রোটিয়াদের ব্যাটিং অনুশীলনের সময় সবাইকে অবাক করে বল করতে নেমে পড়লেন শেন ওয়ার্ন। ভারতীয় স্পিনারদের খেলার আগে অস্ট্রেলিয়ার সাবেক এই লেগস্পিনারের ঘূর্ণির বিপক্ষে অনুশীলনটা তাই ভালোই হলো আমলা-ডি ভিলিয়ার্সদের জন্য।

হঠাৎ ওয়ার্নকে বল করতে দেখে অন্য সবার মতো আমলাও অবাক।

“আজ (বুধবার) তাকে নেটে দেখে অনেকেই অবাক হয়েছে। হয়তো হোটেলে বসে থেকে তিনি বিরক্ত হচ্ছিলেন। তাই বল করতে মাঠে নেমে পড়েছেন।”