মুশফিকের কণ্ঠে হতাশা
সুপার টেনে ওঠার প্রাথমিক লক্ষ্য পূরণ হলেও বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপটা কাটলো ভীষণ হতাশায়। হংকংয়ের কাছে লজ্জাজনক হারের ধাক্কা পুরো টুর্নামেন্টে কাটিয়ে উঠতে পারেননি বলেও জানান তিনি।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচেও হারার পর সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “টুর্নামেন্টটি আমাদের জন্য খুব হতাশাজনক। অথচ প্রথম রাউন্ডে প্রথম দু’টি ম্যাচে জিতে আমাদের শুরুটা ভালো হয়েছিল।”
প্রথম রাউন্ডের শেষ ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটের হারে বাংলাদেশ ছন্দ হারিয়ে ফেলে বলে মুশফিক মনে করেন।
“এই হার ছিল আমাদের জন্য অনেক বড় একটি ধাক্কা। হংকংয়ের পর আমাদের ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে হয়েছে।”
দলের চার/পাঁচ জন ক্রিকেটার ছন্দে না থাকায় বাংলাদেশ নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বলে মনে করেন মুশফিক।
“চার-পাঁচজন ছন্দ হারিয়ে ফেললে দল হিসেবে পারফর্ম করা আর ৪০ ওভার প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা ভীষণ কঠিন হয়ে যায়। দুই বিভাগেই আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এতো বড় টুর্নামেন্টে শক্তিশালী দলের বিপক্ষে অন্তত চার/পাঁচ জনের ভালো খেলতে হয়। সেটা আমরা পারিনি।”
অন্যরা ব্যর্থ হলেও সাকিব আল হাসান, এনামুল হক ও আল-আমিন হাসান আলো ছড়িয়েছেন। টুর্নামেন্টে এটাকেই স্বাগতিকদের প্রাপ্তি হিসেবে দেখছেন অধিনায়ক।
“এনামুলের চমৎকার একটি টুর্নামেন্ট কেটেছে। ব্যাট-বলে সাকিব ভালো করেছেন। কয়েকটি স্পেলে আল-আমিন চমৎকার বল করেছেন।”
