ওয়েস্ট ইন্ডিজের অস্ত্র স্পিন!
পেস বোলিং ওয়েস্ট ইন্ডিজের ঐতিহ্য। কিন্তু অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে লড়াইটা নাকি হবে ওয়েস্ট ইন্ডিজের স্পিন আর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিও লড়াইটাকে দেখছেন এভাবে।
বাংলাদেশের উইকেট স্পিন-সহায়ক। তবে এটাই ওয়েস্ট ইন্ডিজকে স্পিন-নির্ভর দল করে দেয়নি। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে দুর্দান্ত দুজন স্পিনার। সুনীল নারায়ন ও স্যামুয়েল বদ্রি আছেন বলেই অস্ট্রেলিয়াকে ঘূর্ণি-জাদুতে বশ করার ভরসা পাচ্ছেন স্যামি।
“নারায়ণ ও বদ্রি এখন টি-টোয়েন্টি ক্রিকেটে এক ও দুই নম্বর (বোলিং র্যাঙ্কিং)। বদ্রি প্রথম ৬ ওভারের মধ্যে ওপরের দিকের ব্যাটসম্যানদের উইকেট এনে দিচ্ছে। আমার বিশ্বাস, এই ধারাটা বজায় থাকবে ওর।”
গত ম্যাচে বাংলাদেশকে হারালেও, ভারতের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি তাই স্যামির দলের জন্য অনেকটাই বাঁচামরার।
এই ম্যাচের আগে একটা গুঞ্জন উঠেছে বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের ‘ফিটনেস’ নিয়ে। তবে স্যামি জানিয়েছেন, গেইল ঠিকই আছেন এবং কোনো ম্যাচ খেলার সুযোগ হারাতে চান না তিনি।
ওয়েস্ট ইন্ডিজ যেমন অস্ট্রেলিয়াকে ‘স্পিন-বিষে’ নীল করতে চাইছে, অস্ট্রেলিয়া তেমনি ওয়েস্ট ইন্ডিজকে গতির ঝড়ে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে।
তবে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল আর ডোয়াইন স্মিথ ছন্দে আছেন বলেই ভয় পাচ্ছেন না স্যামি।
