২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেসেই ভরসা অস্ট্রেলিয়ার

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশিরভাগ দলই বোলিংয়ে স্পিন আক্রমণেই ভরসা রাখছে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার দর্শনটা একেবারেই ভিন্ন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে পেস দিয়েই আক্রমণের পরিকল্পনার কথা জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন।

স্পোর্টস ডেস্ক

সুকান্ত দেব, বাহরাইন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 05:41 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

ম্যাচের আগের দিনের নিয়মিত সংবাদ সম্মেলনে হ্যাডিন বলেন, “আমার মনে হচ্ছে, ইনিংসের শুরুতে উইকেট পেসারদেরই সহায়তা করবে।"

বাংলাদেশের ‘কন্ডিশন’ এবং উইকেট স্পিন-সহায়ক বলে শিরোপা-প্রত্যাশী সব দলই দলে পর্যাপ্ত স্পিনার নিয়ে এসেছে। লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার কিংবা অফ স্পিনার অস্ট্রেলিয়া দলেও আছে। তবে শুক্রবারের ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নেতৃত্ব পেসারদের হাতেই ছেড়ে দেয়ার পরিকল্পনা দলের।

অস্ট্রেলিয়ার অন্যতম বড় শক্তি পেস-বোলিং। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে টপ অর্ডারে ডান হাতি ব্যাটসম্যান বেশি। এ কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন বাঁহাতি পেসার ডগ বোলিঞ্জার, মিচেল স্টার্ক ও জেমস ফকনারকে নিয়ে নামতে পারে বলে জানিয়েছেন হ্যাডিন।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা-খরা কাটাতে আসা এই দলটির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি তাই টুর্নামেন্টে টিকে থাকার লড়াই।

অস্ট্রেলিয়ার এ লড়াইয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে হ্যাডিন জানালেন, ওয়েস্ট ইন্ডিজের এই ‘ক্রিকেট-দানব’কে ইনিংসের শুরুতেই সরিয়ে দেয়ার বিষয়টি অস্ট্রেলিয়া দলের ম্যাচ পরিকল্পনার ওপরের দিকে আছে।