আইরিশদের হারালো নিউ জিল্যান্ডের মেয়েরা
আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার আশা উজ্জ্বল করলো নিউ জিল্যান্ডের মেয়েরা।
টুর্নামেন্টে এটি নিউ জিল্যান্ডের দ্বিতীয় জয়। এর আগে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গত দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে চমক দেখিয়েছিল তারা।
মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে সুজি বেটস ও ফ্রান্সেস ম্যাককের ১১৬ রানের উদ্বোধনী জুটির উপর ভর করে ৩ উইকেটে ১৭১ রান করে নিউ জিল্যান্ড।
৫১ বলে ১০টি চারের সাহায্যে সর্বোচ্চ ৬৮ রান করেন বেটস। আর ৪৯ বলে ৬টি চারের সাহায্যে ৫১ রান করেন ম্যাককে।
এছাড়া ১৩ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৪ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে অপরাজিত ছিলেন সারা ম্যাকগ্লেশান।
আয়ারল্যান্ডের অফস্পিনার ইমার রিচার্ডসন ৩২ রানে দুই উইকেট নেন।
জবাবে ৫ উইকেটে মাত্র ১২৯ রানেই থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস। ২৮ বলে ৪টি চারের সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন সিসিলিয়া জয়েস। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান ক্লেয়ার শিলিংটন করেন ২৮ রান এবং সিসিলিয়ার বোন অধিনায়ক ইসোবেল জয়েস করেন ২৪ রান।
২৩ রানে ২ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সফলতম বোলার মোরনা নিয়েলসন।
