মেয়েদের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শুভসূচনা
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে শুভসূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডকে ৯ রানে হারিয়েছে তারা।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কাইসিয়া নাইট ও স্টেফানি টেইলরের ৭৫ বলে ৮৭ রানের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা পায় ক্যারিবীয়রা।
ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেন টেইলর। তার ৪৫ বলের ইনিংসটি ৩টি চার ও ২টি ছক্কায় সাজানো। টেইলরের সমান চার ও ছক্কা মেরে ৪২ বলে ৪৩ রান করেন নাইট।
নাইট ও টেইলরের নৈপূন্যে বড় ইনিংসের সম্ভাবনা জাগলেও বাকিদের ব্যর্থতায় ৭ উইকেটে ১৩৩ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
১৮ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার পেসার নাতালি সিভার।
জবাবে ৩২ বলে ৪২ রানের উদ্বোধনী জুটি গড়ে জয়ের আশা জাগিয়েছিলেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস ও সারাহ টেইলর। কিন্তু মিডলঅর্ডারের ব্যথতায় ৯ উইকেটে ১২৪ রানের বেশি করতে পারেনি তারা।
৩৯ বলে ৭টি চারের সাহায্যে সর্বোচ্চ ৪৪ রান করেন এডওয়ার্ডস।
১২ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে দারুণ অবদান রেখে ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের পেসার ডিয়ান্দ্রা ডোটিন।
