২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁধের চোটে বিশ্রামে ক্লার্ক

চোটটা পুরানো, কিন্তু জানা গেল সম্প্রতি। কাঁধের হাড়ের চিড় ধরা পড়ার সঙ্গে সঙ্গেই মাইকেল ক্লার্ককে বিশ্রামে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 01:34 PM

Updated : 13 Oct 2022, 11:55 AM

দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউনে তৃতীয় টেস্টে দারুণ এক শতক করেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডের অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওই টেস্টেই মরণে মরকেলের একটি বাউন্সারে কাঁধে চোট পেয়েছিলেন তিনি।

আঘাতটা কোন পর্যায়ের তা বের করতে বেশ কয়েকবার 'স্ক্যান' করানো হয়েছে। অবশেষে জানা গেল, ক্লার্কের বাঁ-কাঁধের হাড়ে চিড় ধরেছে। অস্ট্রেলিয়া দলের ফিজিও অ্যালেক্স কাউন্টাউরিস সোমবার জানান, ক্লার্কের চোট খুব একটা গুরুতর নয়।

“আমরা আশা করছি, কিছুদিন বিশ্রাম নিলেই এটা সেরে যাবে।”

২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্লার্ক। এ কারণেই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই তিনি। তবে চোটের কারণে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে খেলতে পারবেন না ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান। তার দল নিউ সাউথ ওয়েলস ২১ তারিখ শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলবে।