২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপেও বাংলাদেশকে হারাতে চায় আফগানরা

বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলা নিয়ে আত্মবিশ্বাসী আফগানিস্তান। সোমবার বিশ্বকাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের এই লক্ষ্যের কথা জানান দলটির অধিনায়ক মোহাম্মদ নবী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 04:03 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

আগামী ১৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি আফগানরা। এই লড়াইয়েই মোটামুটি নির্ধারিত হবে 'এ' গ্রুপ থেকে কে উঠবে টুর্নামেন্টের মূল পর্ব 'সুপার টেনে'।

গুরুত্বপূর্ণ এ ম্যাচ নিয়ে একটুও ঘাবড়াচ্ছে না আফগানরা। মাঠের লড়াইয়ে বাংলাদেশকে পরাভূত করেই পরের রাউন্ডে ওঠার স্বপ্ন বুনছে ক্রিকেটের চমক জাগানো দলটি। তাছাড়া সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে বাংলাদেশকে হারানোর অভিজ্ঞতা তো আছেই তাদের।

লক্ষ্য অর্জনটা যে খুব কঠিন হবে - তা অবশ্য কোনো দ্বিধা ছাড়াই মেনে নিলেন নবী। “বাংলাদেশকে হারানোটা কঠিনই হবে। এটা ঠিক, ওদের হারাতে হলে আমাদের কঠিন চেষ্টা করতে হবে। তবে বাংলাদেশের বিপক্ষে আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমরা শুধু আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।”