কিপিংয়ে ফিরছেন মুশফিক
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
টি-টোয়েন্টি দলে নেই মুশফিক
মুশফিকের কনিষ্ঠায় চিড়
মুশফিকের ভাবনায় প্রতিশোধ
১৬ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। প্রথম রাউন্ডের বাধা পার হয়ে বিশ্বকাপের মূল পর্ব অর্থাৎ 'সুপার টেন' -এ যেতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “আমি আরেকটা স্ক্যান করেছি। চিকিৎসকরা বলেছিলেন, চার সপ্তাহ পরে কিপিং করতে পারবো। আমার ব্যথা একটু কম। কাল থেকে কিপিং শুরু করবো। আশা করছি, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কিপিং করতে পারবো।”
গত মাসে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাঁ হাতে কনিষ্ঠায় চোট পাওয়ার পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেননি মুশফিক। পরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং এশিয়া কাপে খেললেও উইকেটের পেছনে দাঁড়াননি তিনি।
ঘাড়ের ব্যথায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই মাঠের বাইরে তামিম ইকবাল। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে আসা এই উদ্বোধনী ব্যাটসম্যান অনেকটাই সুস্থ।
পায়ের ব্যথার কারণে মাঝপথেই এশিয়া কাপ শেষ হয়ে যায় মাশরাফি বিন মুর্তজার। আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় চোট পান অফস্পিনার সোহাগ গাজী। গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারদের ফেরার ব্যাপারে আশাবাদী মুশফিক। তিনি বলেন, “আশা করছি সবাই ফিট হবে। তামিম, মাশরাফি ভাই অনুশীলন করছে। গাজীরও সেলাই কাটা হয়েছে। আশা করি সেও কাল থেকে অনুশীলন শুরু করবে।”
