ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ দ. আফ্রিকা
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮০ রানে হারিয়েছে তারা।
আগামী ১ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। সোমবার শেষ চারের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।
বুধবার দুবাইয়ের এই একই ভেন্যুতে টস জিতে ব্যাট করতে নেমে আইডেন মার্করাম ও ক্লাইড ফরচুইনের ১০৫ রানের উদ্বোধনী জুটির সাহায্যে নয় উইকেটে ২৩০ রান করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৭৪ রান করেন ফরচুইন।
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন দুই পেসার বেন অ্যাশকেনাজি ও বিলি স্টেনলেক এবং স্পিনার ম্যাথিউ শর্ট।
জবাবে ৭.৪ ওভার বাকি থাকতে ১৫০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। সর্বোচ্চ ৩৬ রান করেন জেক ডোরান।
দলের ফাইনাল নিশ্চিত করতে ২৫ রানে ছয় উইকেট নিয়ে ম্যাচসেরা হন পেসার কাগিসো রাবাদা।
