শেষ চারে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
রোববার কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ও দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে আফগানিস্তানকে হারিয়েছে।
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
নিকোলাস পুরান ১৪৩ রান করলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৯ ওভার ৫ বলে ২০৮ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয় তরুণরা। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান জেরোম জোন্সের।
৪৪ রানে ৩ উইকেট নেন পেসার গাই ওয়াকার।
জবাবে ম্যাথিউ শর্ট (৫২) ও জেরন মর্গ্যানের (৫৫) ১০৭ রানের উদ্বোধনী জুটি সহজ জয়ের ভিত গড়ে দেয় অস্ট্রেলিয়ার।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলেও জেক ডোরান (৪৯*) ও বেন ম্যাকডারমটের (২৯) দৃঢ়তায় ২০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানও ওয়েস্ট ইন্ডিজের মতো শেষ ওভারের পঞ্চম বলে অলআউট হয়ে যায়।
তবে আফগান তরুণরা ক্যারিবীয়দের চেয়ে ১১ রান কম করেছে। সর্বোচ্চ ৬১ রান এসেছে নাসির আহমাদজাইয়ের ব্যাট থেকে।
৪০ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার পেসার জাস্টিন ডিল।
জবাবে দলকে ৩৯ ওভার ২ বলে ১৯৮ রানের লক্ষ্যে পৌঁছে দিতে সবচেয়ে বড় অবদান ১০৫ রানে অপরাজিত এইডেন মারক্রামের।
দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৫৬ রান কারউইন ক্রিস্টোফলসের।
