মাহেলায় অনুপ্রেরণা পেয়েছেন ভিথানাগে
মাহেলা জয়াবর্ধনের চমৎকার ব্যাটিং মিরপুর টেস্টে শ্রীলঙ্কার অন্য ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে গিয়েছিল বলে মনে করেছেন দিলরুয়ান ভিথানাগে।
ম্যাচের দিন সকালে পারিবারিক কারণে শ্রীলঙ্কার উইকেটরক্ষক প্রসন্ন জয়াবর্ধনে দেশে ফিরে গেলে দলে আসেন ভিথানাগে। সাত নম্বরে ব্যাট করতে নেমে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম শতকের দেখা।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার অনুশীলনের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রথম টেস্ট শতক একই সঙ্গে আনন্দ ও স্বস্তির। আমার জন্য আরও ভালো হয়েছে অন্য পাশে মাহেলা থাকায়। সে যেভাবে ব্যাটিং করছিল, তাতে ব্যাটসম্যানদের জন্য কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল।”
পুরো ইনিংসে জয়াবর্ধনে তাকে উৎসাহ দিয়ে গেছেন জানিয়ে ভিথানাগে বলেন, “বেসিক ব্যাপারগুলোই বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, যেন চাপ না নিয়ে আমার সহজাত খেলাটাই খেলি। সত্যি বলতে, আরেক পাশে মাহেলার মত কেউ থাকলে এমনিতেই সাহস কিছুটা বেড়ে যায়।”
ভিথানাগে জানান, শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে খেলতে হয় বলে টেস্টে ক্রিকেটে মানিয়ে নিতে কোনো সমস্যা হয়নি।
“আমি সহজাত খেলাটাই সবসময় খেলতে চাই। আর যে পজিশনে এখন ব্যাটিং করছি, সাত নম্বরে, এটাও আমাকে সহজাত খেলতে সহায়তা করছে। কারণ বেশিরভাগ সময়ই দেখা গেছে, আমি যখন ব্যাটিংয়ে নামছি, দলের তখন দ্রুত রান প্রয়োজন।”
