আবার খাটো লেন্থে বাংলাদেশ ‘পর্যুদস্ত’
ঘরের মাঠ, উইকেটও পরিচিত। তবু প্রথম টেস্টের দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটসম্যানরা পর্যুদস্ত। বিদেশের মতো ঘরের মাঠেও খাটো লেন্থের বলে তাদের দুর্বলতা ধরা পড়েছে প্রকটভাবে।
প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৩২ রানে অলআউট করার পেছনে প্রধান অবদান শ্রীলঙ্কার দুই পেসার শামিন্দা এরাঙ্গা ও সুরঙ্গা লাকমলের। এরাঙ্গা নেন ৪ উইকেট, লাকমলের শিকার ৩টি।প্রথম দিনের খেলা শেষে এরাঙ্গা জানিয়েছিলেন, খাটো লেন্থের বল দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘বধ’ করার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন তারা। সেই পরিকল্পনায় অতিথি দল সফল।৬৩ ওভার ৫ বলে শেষ হয়ে যাওয়া প্রথম ইনিংসে খাটো লেন্থের বল ঠিকভাবে খেলতে না পেরে ফিরতে হয়েছে তামিম ইকবাল, মুমিনুল হক ও নাসির হোসেনকে। তিন জনের কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।দ্বিতীয় ইনিংসেও চিত্রটা পাল্টায়নি। বৃহস্পতিবার চতুর্থ দিনে ৪৬৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম দুই উইকেটই হারায় খাটো লেন্থের বলে।এরাঙ্গার করা দিনের দ্বিতীয় বলে উইকেটরক্ষক দীনেশ চান্দিমালের গ্লাভসবন্দী হন উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান।তিন নম্বরে নামা মার্শাল আইয়ুবও আউট হয়েছেন খাটো লেন্থের বল বুঝতে না পেরে। লাকমলের বলে শর্ট লেগে কৌশল সিলভার হাতে ধরা পড়েন তিনি।খাটো লেন্থের বলে সতীর্থদের ব্যর্থতায় ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। খেলা শেষে তিনি বলেন, “খাটো লেন্থের বল খেলার সময় ব্যাটসম্যানদের আরো ধৈর্য্য ধরা উচিৎ ছিল। ওদের পেসারদের পক্ষে এটা ৫/৭ ওভারের বেশি চালিয়ে যাওয়া কঠিন হতো।”“লেগ সাইডে ছয় জন ফিল্ডার থাকলে যে পুল করা যায় না, তা নয়। তবে এমনভাবে খেলতে হবে যেন শটটা নিজের নিয়ন্ত্রণে থাকে। এটা আমাদের যত দ্রুত সম্ভব শিখতে হবে।”
