পিচ নিয়ে সিলভার সতর্ক-বার্তা
প্রথম টেস্টে ১৩৯ রান করা শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল সিলভার ধারণা, শুরুতে সহজ থাকলেও পিচ ক্রমশ ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে পড়ছে।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গতকাল (সোমবার) বল বেশ সহজে ব্যাটে এসেছিল। কিন্তু আজ উইকেট বেশ মন্থর ছিল। বল দেরিতে এলে আর স্পিনাররা টার্ন পেলে ব্যাটিং করা কঠিন হয়ে পড়ে।”সিলভার প্রথম টেস্ট শতকের সুবাদে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৭৫ রান। ১৪৩ রানে এগিয়ে থাকা অতিথিরা বড় লিড নেয়ার দিকে এগিয়ে যাচ্ছে।কত লিড শ্রীলঙ্কানদের লক্ষ্য এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। নিজেদের স্বাভাবিক এবং ইতিবাচক ব্যাটিং করতে চাই। তবে কাল আমাদের অন্তত দুই সেশন ব্যাট করতে হবে।”এ মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে মাত্র ৫ রানের জন্য শতক বঞ্চিত সিলভা নির্দ্বিধায় মেনে নিচ্ছেন, মঙ্গলবার ভাগ্য তার পক্ষে ছিল। চারটি ‘জীবন’ পাওয়ার সুযোগ কাজে লাগাতে পেরে তিনি তৃপ্ত।সিলভা মনে করেন, শেষ সেশনে ৪টি উইকেট হারালেও দ্বিতীয় দিনও ভালো কেটেছে শ্রীলঙ্কার। তিনি বলেন, “আজ সারা দিনে আমরা তিন শ’রও বেশি রান করেছি। আমাদের আরেকটি ভালো দিন কাটলো। শেষ বিকেলে উইকেটগুলো হারালেও সারা দিনে আমরা ভালোই ব্যাটিং করেছি।”
