লংকা উইকেটরক্ষকের বাবার মৃত্যু, ঢাকা ছেড়েছেন
বাংলাদেশ সফররত শ্রীলঙ্কা দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রসন্ন জয়াবর্ধনের বাবা মারা গেছেন। এ কারণে সোমবার শুরু হওয়া ঢাকা টেস্টে ‘কালো আর্মব্যান্ড’ পরে খেলছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
ম্যাচ শুরুর দিন সকালে বাবার অসুস্থতার খবর পেয়ে দেশের বিমান ধরেন প্রসন্ন। ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে খেলার কথা ছিল তার। পরে তার বাবার মৃত্যু সংবাদ আসে।
প্রসন্নর পরিবর্তে ঢাকা টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন দীনেশ চান্দিমাল। আর ৩৪ বছর বয়সী প্রসন্নর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান কিথুরুয়ান ভিতানাগে।
কিছুদিন আগে শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ও উইকেটের পেছনে বেশ কার্যকর ছিলেন প্রসন্ন। সিরিজটি ১-১ এ ড্র হয়েছিল।
