শেহজাদের শতকের পরও অস্বস্তিতে পাকিস্তান
আহমেদ শেহজাদের দুর্দান্ত শতকও শারজায় তৃতীয় ও শেষ টেস্টে স্বস্তিতে রাখতে পারেনি পাকিস্তানকে। ৬ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা স্বাগতিক দল এখনো ১৩৭ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কার চেয়ে।
অথচ শনিবার দিনের শুরুটা দুর্দান্ত হয়েছিল সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তানের। বিনা উইকেটে ১৯ রান নিয়ে ব্যাট করতে নামা দলকে ১১৪ রানের উদ্বোধনী জুটি উপহার দেন শেহজাদ ও খুররাম মনজুর। দুজনের দৃঢ়তায় প্রথম সেশনে পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি।মনজুর ৫২ রান করে শামিন্দা এরাঙ্গার বলে উইকেটরক্ষককে ক্যাচ দেয়ার পর দলের হাল ধরেন মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা শেহজাদ। অধিনায়ক মিসবাহ-উল হক ছাড়া তাকে কেউ তেমন সঙ্গ দিতে পারেননি।জীবনের প্রথম টেস্ট শতককে ১৪৭ রান পর্যন্ত টেনে নেয়ার পর রঙ্গনা হেরাথকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান শেহজাদ। ২৭৫ বলের চমৎকার ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও একটি ছক্কায়।৮৮ রানে তিন উইকেট নিয়ে পাকিস্তানের সবচেয়ে ক্ষতি করেছেন বাঁহাতি স্পিনার হেরাথ।চতুর্থ উইকেটে শেহজাদের সঙ্গে ৫৬ রানের জুটি গড়া মিসবাহ অপরাজিত আছেন ৩৬ রানে। রোববার অধিনায়কের দিকেই তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪২৮/৯ ডিক্লে. (পেরেরা ৯৫, ম্যাথিউস ৯১, সাঙ্গাকারা ৫২; জুনায়েদ ৩/৮১, তালহা ৩/৯৯)পাকিস্তান প্রথম ইনিংস: ২৯১/৬ (মনজুর ৫২, শেহজাদ ১৪৭, আজহার ৮, ইউনুস ১৭, মিসবাহ ৩৬*, শফিক ১৮, সরফরাজ ৫; হেরাথ ৩/৮৮, এরাঙ্গা ২/৫৩, পেরেরা ১/৭১)।
