২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জনসনের তোপের সামনে ইংল্যান্ড

অ্যাশেজে ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পর প্রথম ওয়ানডেতেও ইংল্যান্ডকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের দলের জন্য সুখবর, এক ম্যাচের বিশ্রাম শেষে শুক্রবার ব্রিসবেনে দ্বিতীয় ওয়ানডেতে ফিরছেন তাদের অ্যাশেজ জয়ের নায়ক মিচেল জনসন। চাপের মুখে থাকা অতিথিদের সামনে তাই কঠিন পরীক্ষা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 01:16 AM

Updated : 01 Sep 2026, 06:02 PM

এবারের অস্ট্রেলিয়া সফরে এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। অ্যাশেজে ৫-০ ব্যবধানে হেরে যাওয়া অ্যালেস্টার কুকের দল হৃত সম্মান পুনরুদ্ধারে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।যদিও মেলবোর্নে প্রথম ওয়ানডেতে তেমন লড়াই-ই করতে পারেনি তারা। ব্যাটসম্যানরা ইংল্যান্ডকে ২৬৯ রানের পুঁজি এনে দিলেও অ্যারন ফিঞ্চের দারুণ এক শতক ২৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দিয়েছে অস্ট্রেলিয়াকে।শুক্রবার জনসনকে ঠিকভাবে খেলতে না পারলে সফরে প্রথম জয়ের প্রতীক্ষা আরো দীর্ঘায়িত হতে পারে ইংল্যান্ডের। পাঁচ টেস্টের অ্যাশেজে ৩৭ উইকেট নিয়ে ‘চিরশত্রু’কে প্রায় একাই শেষ করে দেয়া জনসন বিশ্রাম শেষে ওয়ানডে সিরিজেও নিশ্চয়ই জ্বলে উঠতে উদগ্রীব।ইংল্যান্ডের অবস্থা অবশ্য এমনিতেই ‘শোচনীয়’। মানসিক চাপের কাছে নতি স্বীকার করে প্রথম টেস্ট শেষে টপ অর্ডার ব্যাটসম্যান জোনাথন ট্রটের দেশে ফিরে যাওয়া এবং তৃতীয় টেস্টেই অ্যাশেজ হার নিশ্চিত হওয়ার পর অফস্পিনার গ্রায়েম সোয়ানের আকস্মিক অবসরের সিদ্ধান্তে এমনিতেই তারা অস্বস্তিতে।তার ওপরে অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেন এবং পেসার জেমস অ্যান্ডারসনকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়ায় অতিথিদের শক্তি হ্রাস পেয়েছে অনেকখানি।ব্রিসবেনের গ্যাবায় ইংল্যান্ড তাই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।