শারজায় স্পিনার বনাম ব্যাটসম্যান ‘লড়াই’
তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের দুই স্পিনারের সঙ্গে জোর লড়াই চলছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। প্রথম দিনে যে লড়াইয়ের ফলাফল সমানে-সমান। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২২০ রান।
প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্ট ৯ উইকেটে জিতে সিরিজে এগিয়ে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
তবে শারজা ক্রিকেট স্টেডিয়ামের স্পিন-সহায়ক পিচে দলীয় ৬৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে বেশ চাপে পড়ে যায় অতিথি দল।
এরপর মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা ৬০ রানের জুটি গড়ে স্বস্তি ফিরিয়ে এনেছিলেন। তবে সম্ভাবনা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারেননি শ্রীলঙ্কার দুই ব্যাটিং-স্তম্ভ।
দ্বিতীয় টেস্টে ম্যাচ জেতানো ১২৯ রানের ইনিংস খেলা জয়াবর্ধনে ৪৭ রান করে সাঈদ আজমলের বলে আউট হয়ে যান। ৫২ রান করা সাঙ্গাকারা জুনায়েদ খানের শিকার।
আজমল দীনেশ চান্দিমালকেও ফিরিয়ে দিলে ৫ উইকেটে ১৬৬ রানে পরিণত হয় শ্রীলঙ্কা।
তবে প্রথম টেস্টে অপরাজিত ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা ম্যাথিউস উইকেটরক্ষক প্রসন্ন জয়াবর্ধনেকে নিয়ে আর কোনো ক্ষতি হতে দেননি দলের।
ষষ্ঠ উইকেটে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজনে। দিনশেষে ম্যাথিউস ২৪ ও প্রসন্ন ২৮ রানে অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২২০/৫ (করুনারত্নে ৩৪, সিলভা ১৭, সাঙ্গাকারা ৫২, জয়াবর্ধনে ৪৭, চান্দিমাল ১১, ম্যাথিউস ২৪*, প্রসন্ন ২৮*; আজমল ২/৬২, জুনায়েদ ১/৪৪, রেহমান ১/৪৫, তালহা ১/৬৪)
