শেষ বেলার ৪ উইকেটে অস্বস্তিতে ইস্ট জোন
শেষ বেলায় ৪ উইকেট হারিয়ে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে স্বস্তিতে নেই ইসলামী ব্যাংক ইস্ট জোন।
রোববার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম পর্বের প্রথম দিন শেষে ৯ উইকেটে ইস্ট জোনের সংগ্রহ ৩০১ রান।
বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের (৩৭) সঙ্গে নাজিম উদ্দিনের ৬৮ রানের উদ্বোধনী জুটি ইস্ট জোনকে ভালো সূচনা এনে দেয়।
অর্ধশতকে পৌঁছানোর পর নাজিম ও 'ওয়ানডে' খেলতে থাকা মুমিনুল হকের বিদায়ে এক সময়ে ইস্ট জোনের স্কোর দাঁড়ায় ১৩৫/৪। সেখান থেকে দলের সংগ্রহ তিনশ' পেরিয়েছে লিটন দাসের নৈপুণ্যে।
অলক কাপালীর (২৪) সঙ্গে ৫৮ ও যুবায়ের আহমেদের (৩৩) সঙ্গে ৭৭ রানের জুটি গড়ে দলকে ৫ উইকেটে ২৭০ রানের স্বস্তিকর জায়গায় পৌঁছে দিয়েছিলেন লিটন। কিন্তু শেষ ঘণ্টায় ৩১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি দলটি। প্রথম আট ব্যাটসম্যানের সাতজনই দুই অঙ্কের ঘরে পৌঁছানোয় বড় সংগ্রহের আভাসই ছিল ইস্ট জোনের ইনিংসে।
সর্বোচ্চ ৭৯ রান করা লিটনের ১১২ বলের ইনিংসে ছিল ১২টি চার।
তামিমকে সাজঘরে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙ্গা মাহমুদুল্লাহ রিয়াদ সেন্ট্রাল জোনের সেরা বোলার। ৬৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন সেন্ট্রালের অধিনায়ক। দুটি করে উইকেট নিয়েছেন মার্শাল আইয়ুব ও শাহাদাত হোসেন।
