২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ পিসিবির

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এশিয়া কাপে অংশ নেয়ার বিষয়টি তাদের সরকারের পরামর্শের উপর নির্ভর করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 05:19 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

গত ৪ জানুয়ারি শ্রীলঙ্কায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালেও তা বিভিন্ন বিবৃতিতে ও এসিসির প্রধান নির্বাহীর বক্তব্যে উল্টোভাবে এসেছে বলেও জানায় পিসিবি।

এসিসির ওই সভায় বাংলাদেশেই এশিয়া কাপ হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

এসিসি সভাপতি এন শ্রীনিবাসনকে দেয়া এক চিঠিতে পিসিবি চেয়ারম্যান নাজাম সেঠি বলেন, এসিসির সভার পর গণমাধ্যমে দেয়া বিভিন্ন বিবৃতিতে, বিশেষ করে প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের বক্তব্যে উল্লেখ করা হয়েছে, অংশগ্রহণকারী অন্য দেশগুলোর মতো পাকিস্তানেরও বাংলাদেশে এশিয়া কাপে অংশগ্রহণ করা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এই ভাষ্য সভায় পিসিবির প্রতিনিধি সিওও সোবহান আহমেদের অবস্থানের বিপরীত।

এসিসির বৈঠক শেষে সংস্থাটির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক জানান, বাংলাদেশ এসিসির কাছে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেছে। টুর্নামেন্ট ঘিরে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কোনো সদস্য দেশের কোনো সুনির্দিষ্ট প্রশ্ন ছিল না।

তাই বিবৃতিতে এশিয়া কাপ খেলতে বাংলাদেশে আসা নিয়ে পিসিবির অবস্থান স্পষ্ট করা হয়।

"বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পিসিবির অবশই উদ্বেগ আছে। তাই নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে প্রতিবেদন পাঠাতে আগামী ২০ জানুয়ারি বাংলাদেশে আইসিসির নিরাপত্তা বিষয়ক সভায় নিরাপত্তা প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।"

এশিয়া কাপে অংশ নেয়ার ব্যাপারে জোরালো আগ্রহ থাকলেও পিসিবি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে যাবে। এ জন্য তারা পাকিস্তান সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের পরামর্শ মেনে চলবে।

"এশিয়া কাপে আমাদের অংশ নেয়া নির্ভর করবে এ বিষয়ে আসা রিপোর্টগুলোর ওপর।"

আগামী ফেব্রুয়ারির শেষ দিকে এশিয়া কাপ শুরু হওয়ার কথা থাকলেও এখনও ম্যাচের সময়সূচি চূড়ান্ত করা হয়নি।

এরই মধ্যে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ভাবিয়ে তুলেছে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনকে। বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধের মধ্যে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফরের ব্যাপারে শঙ্কার কথা জানিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

অবরোধ ও হরতালের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে গত ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড ডব্লিউআইসিবি। এ কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)।

গত ২৬ নভেম্বর থেকে বিরোধী দলের ডাকে কয়েক দফায় অবরোধে সারাদেশে বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটছে।

এশিয়া কাপের আগে অবশ্য দু'টি টেস্ট, দু'টি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা দলের।

বাংলাদেশের দুটো টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী শ্রীলঙ্কা

এশিয়া কাপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি বিসিবির

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার পিসিবির শঙ্কা

বাংলাদেশ সফর নিয়ে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খোঁজ আইসিসির

বাংলাদেশেই হচ্ছে এশিয়া কাপ