বাংলাদেশেই হচ্ছে এশিয়া কাপ
চলমান রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশ থেকে সরছে না এশিয়া কাপ ক্রিকেটের আসর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীলঙ্কার কলোম্বোতে শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বাংলাদেশ থেকে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট টুর্নামেন্ট না সরানোর এই সিদ্ধান্ত হয়।
আগামী ফেব্রুয়ারির শেষ দিকে এশিয়া কাপ হবে। ম্যাচ হবে ১১টি। এসিসির সভায় বাংলাদেশে এশিয়া কাপের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব দেয়া হয় ভারতের স্টার গ্রুপকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “এশিয়া কাপের আয়োজক থাকছে বাংলাদেশই। এসিসি বোর্ড সদস্যদের নিশ্চিত করতে পেরেছি যে আমরা টুর্নামেন্ট আয়োজন করতে পারবো।”
এ প্রসঙ্গে এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক জানান, বাংলাদেশ এসিসির কাছে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেছে। টুর্নামেন্ট ঘিরে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কোনো সদস্য দেশের কোনো সুনির্দিষ্ট প্রশ্ন ছিল না।
এর আগে বাংলাদেশ থেকে এশিয়া কাপ সরিয়ে নেয়া হলে তা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছিল শ্রীলঙ্কা।
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ভাবিয়ে তুলেছিল আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনকে। বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধের মধ্যে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফরের ব্যাপারে শঙ্কার কথা জানিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
অবরোধ ও হরতালের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে গত ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড ডব্লিউআইসিবি। এ কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)।
গত ২৬ নভেম্বর থেকে বিরোধী দলের ডাকে কয়েক দফায় অবরোধে সারাদেশে বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটছে।
এশিয়া কাপের আগে অবশ্য দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা দলের।
বাংলাদেশের দুটো টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী শ্রীলঙ্কা
এশিয়া কাপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি বিসিবির
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার পিসিবির শঙ্কা
বাংলাদেশ সফর নিয়ে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে খোঁজ আইসিসির
