স্মিথ, হ্যাডিনের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার স্বস্তি
৯৭ রানে ৫ উইকেট হারালেও স্টিভেন স্মিথ ও ব্র্যাড হ্যাডিনের ব্যাটিং-বীরত্ব অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে বিপদ থেকে উদ্ধার করেছে অস্ট্রেলিয়াকে।
স্মিথ ও হ্যাডিনের ১২৮ রানের ষষ্ঠ উইকেট জুটির ওপরে ভর করে প্রথম ইনিংসে ৩২৬ রান করেছে স্বাগতিক দল।সিরিজে দ্বিতীয় শতকের দেখা পাওয়া স্মিথের ব্যাট থেকে এসেছে ১১৫ রানের দারুণ এক ইনিংস।দারুণ ছন্দে থাকা হ্যাডিনের অবদান ৭৫ রান। ৯৯ রানে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা বেন স্টোকস।জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড স্বস্তিতে নেই। মাইকেল কারবেরির উইকেট হারিয়ে ৮ রান নিয়ে দিন শেষ করেছে তারা। একমাত্র উইকেটটি অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক মিচেল জনসনের।অলরাউন্ডার শেন ওয়াটসনের কুঁচকি ও পেসার রায়ান হ্যারিসের হাঁটুতে সমস্যা থাকলেও ফিটনেস পরীক্ষায় উৎরে দুজনই জায়গা করে নিয়েছেন প্রথম একাদশে। তাই টানা পঞ্চম টেস্টে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া।সিরিজে প্রথম বারের মতো টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। আর ব্যাট করতে নেমে ইংল্যান্ডের পেসারদের তোপে বিপদে পড়ে গেছে ৫-০ ব্যবধানে অ্যাশেজ জয়ের লক্ষ্যে খেলতে নামা স্বাগতিকরা।তবে স্মিথ আর হ্যাডিনের দৃঢ়তায় বিপদ দূর হতেও সময় লাগেনি। পার্থে তৃতীয় টেস্টেও দলের বিপদের সময় জ্বলে উঠে ১১১ রান করেছিলেন স্মিথ। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আবার তিনি অস্ট্রেলীয়দের পরিত্রাতা। সঙ্গে ছিলেন এবারের অ্যাশেজে ক্লার্কের দলের নির্ভরতার প্রতীক হ্যাডিন।৯০ বলে ১৩টি বাউন্ডারি সমৃদ্ধ ইনিংসটির সৌজন্যে এই সিরিজে এখন ৬৬.৪২ গড়ে ৪৬৫ রান হ্যাডিনের।হ্যাডিন শতক পেতে ব্যর্থ হলেও স্মিথ সেই ভুল করেননি। তার তিন অঙ্ক স্পর্শ করার ধরন ছিল দারুণ রাজসিক।নব্বইয়ের ঘরে পৌঁছানোর পর একটুও স্নায়ুর চাপে ভোগেননি। বরং অভিষিক্ত লেগস্পিনার স্কট বর্থউইককে ছক্কা ও চার মেরে পেয়ে যান ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক। এই তিনটি শতকই ইংল্যান্ডের বিপক্ষে। প্রথমটি ছিল গত অগাস্টে ওভালে।শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া স্মিথের ১৫৪ বলের ইনিংসে ঐ একটি ছক্কা ছাড়াও ছিল ১৭টি চার।অস্ট্রেলিয়া অপরিবর্তিত থাকলেও ইংল্যান্ড তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। তিন জনেরই অভিষেক হচ্ছে সিডনিতে। বর্থউইক ছাড়া অন্য দুই অভিষিক্ত হলেন মিডল অর্ডার ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স ও পেসার বয়েড র্যাংকিন।আইরিশ হলেও টেস্ট খেলার আশায় ইংল্যান্ডের পক্ষে খেলার সিদ্ধান্ত নেয়া র্যাংকিনের দিনটা অবশ্য ভালো কাটেনি। পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) টান পড়ায় ৮ ওভার ২ বলের বেশি করতে পারেননি ৬ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ এই পেসার।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩২৬ (রজার্স ১১, ওয়ার্নার ১৬, ওয়াটসন ৪৩, ক্লার্ক ১০, স্মিথ ১১৫, বেইলি ১, হ্যাডিন ৭৫, জনসন ১২, হ্যারিস ২২, সিডল ০, লায়ন ১*; স্টোকস ৬/৯৯, ব্রড ২/৬৫, বর্থউইক ১/৪৯, অ্যান্ডারসন ১/৬৭)ইংল্যান্ড প্রথম ইনিংস: ৮/১ (কুক ৭*, কারবেরি ০, অ্যান্ডারসন ১*; জনসন ১/৩)
