২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতভাগ সাফল্য না সান্ত্বনার জয়

অ্যাশেজ শুরুর আগে কেই-বা ভাবতে পেরেছিল ইংল্যান্ডকে 'হোয়াইটওয়াশ' করতে পারবে অস্ট্রেলিয়া। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টের আগে কিন্তু সে লক্ষ্যেই মাঠে নামছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 05:33 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

অ্যাশেজে তৃতীয়বারের মতো ইংল্যান্ডেকে ৫-০ তে হারানোর স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। এর আগে ১৯২০-২১ ও ২০০৬-০৭ মৌসুমে ইংল্যান্ডকে ৫-০ তে বিধ্বস্ত করেছিল তারা।

দু’পক্ষের ব্যাটিং-বোলিংয়ের পরিসংখ্যানের বিচারে শুক্রবার শুরু হতে যাওয়া শেষ টেস্টে ইংল্যান্ড যে সান্ত্বনার জয় পাবে- তাতে বাজি ধরার লোক পাওয়া দায়। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম পাঁচজনই অস্ট্রেলিয়ার, দু'টি করে শতক ও অর্ধশতকের সুবাদে ৪৯১ রান নিয়ে শীর্ষে ডেভিড ওয়ার্নার। আর বোলিংয়ে সর্বোচ্চ ৩১ উইকেট নিয়ে সবার উপরে স্বাগতিক পেসার মিচেল জনসন।

সাফল্যের বিচারে নিজেদের ব্যর্থতার কথা নির্দ্বিধায় মেনে নিলেন ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক।

“আমরা যখন ইংল্যান্ড ছেড়ে আসি, তখন আমাদের মনে বিশেষ কিছু করে দেখানোর আশা ছিল। সে আশা আমরা দেখিয়েও ছিলাম। তা অর্জন করতে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হতো যা আমরা পারিনি।”

তবে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ হেরে ভেঙে পড়েননি কুক। বরং হারের তিক্ত অভিজ্ঞতা থেকে ভুল শুধরাতে চান তিনি।

সিডনিতে অস্ট্রেলিয়া যদি অপরিবর্তিত দল নিয়ে খেলতে নামে তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম দল হিসেবে পাঁচ টেস্টের সিরিজে একই দল নিয়ে খেলার ইতিহাস গড়বে তারা।

সিডনি টেস্টে অস্ট্রেলিয়া যদি ড্র করে বা জেতে তাহলে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসবে ক্লার্করা। আর ইংল্যান্ড তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে যাবে। তবে ইংল্যান্ড জিতলে তৃতীয় স্থানেই থাকবে তারা আর স্বাগতিকরা উঠে আসবে চতুর্থ স্থানে।

টানা তিনবার অ্যাশেজজয়ী ইংল্যান্ড এবারও ছিল ফেভারিট। গত জুলাই-অগাস্টে বছরের প্রথম অ্যাশেজে ৩-০ ব্যবধানে বিজয়ী ইংল্যান্ডের সাম্প্রতিক দারুণ পারফরম্যান্স আর অস্ট্রেলিয়ার ধারাবাহিক হারের পরিসংখ্যানই তার কারণ। তবে সিরিজের শুরু থেকেই চিত্রপটে ভিন্নতার শুরু।

প্রথম টেস্টে ৩৮১ রানের বিশাল জয়ের পর পরের দুই ম্যাচে ২১৮ ও ১৫০ রানে জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর মেলবোর্নে আট উইকেটে জিতে এখন প্রতিপক্ষকে 'হোয়াইটওয়াশ' করার দ্বারপ্রান্তে মাইকেল ক্লার্করা।