বিএনপির ক্রীড়া সম্পাদকের সঙ্গে বিসিবির আলোচনা
বাংলাদেশে আগামী মাস থেকে ক্রিকেটের টানা তিনটি আসর নিয়ে বিরোধী দল বিএনপির ক্রীড়া সম্পাদকের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ক্রীড়া সম্পাদক আব্দুল লতিফ সোমবার বৈঠক করেন।বাংলাদেশে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ এশিয়া কাপ এবং ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। এর আগে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা দলের।চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে উদ্বেগ বাড়ছে। তাই ক্রিকেটকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখতে বিরোধী দলীয় নেত্রীকে চিঠি দেয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি।বেশ কিছুদিন ধরেই বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করার জন্য সময় চাচ্ছে বিসিবি। কিন্তু দলের নেতৃবৃন্দই ‘অবরুদ্ধ’ বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না জানিয়ে লতিফ বলেন, “আমি অন্য একটি বিষয়ে আলোচনা করতে উনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি।”
বিসিবির অনুরোধে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজটি রাজনৈতিক কর্মসূচির বাইরে রেখেছিলেন খালেদা জিয়া। তবে আসন্ন খেলাগুলো আওতামুক্ত থাকবে কি না তা ৫ জানুয়ারি ‘প্রহসনের নির্বাচন’ পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানান লতিফ।
৪ জানুয়ারি কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এশিয়া কাপ চলার সময় সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ভাবিয়ে তুলেছে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনকে। বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধের মধ্যে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফরের ব্যাপারে শঙ্কার কথা জানায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
অবরোধ ও হরতালের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে গত ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড
খালেদা জিয়াকে চিঠি দেবে বিসিবি
