২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাংককে জেতালেন সাকিব ও এনামুল

এনামুল হক বিজয়ের শতক আর অধিনায়ক সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 08:46 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২০৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক।

ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে মাশরাফি বিন মুর্তজার শিকারে পরিণত হওয়ার আগে ১০৫ রানের চমৎকার ইনিংস খেলেন এনামুল। ম্যাচ সেরা এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৬৩ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি বিশাল ছক্কা।

প্রতিযোগিতার প্রথম শতকে পৌঁছানোর পথে সাব্বির রহমানের (২৬) সঙ্গে ৭৫ ও সাকিবের সঙ্গে ৯৯ রানের দুটি ভালো জুটি দলকে উপহার দেন এনামুল।

৫৭ রানে অপরাজিত সাকিবের ২৮ বলের অধিনায়কোচিত ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা।

মোহামেডানের পক্ষে অধিনায়ক মাশরাফি ৩৪ রানে ২ উইকেট নেন।

জবাবে সাকিবের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মাত্র ৮ ওভার ৪ বলে ৪৫ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।

৫২ বল স্থায়ী ইনিংসে রকিবুল হাসান (১৩) ও শাহরিয়ার নাফীস (১২) ছাড়া মোহামেডানের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ইনিংসের দ্বিতীয় ওভারে চার বলের ব্যবধানে তিন উইকেট নেয়া সাকিব ১৮ রানে নেন ৬ উইকেট। প্রথম দুই বলে জহুরুল ইসলাম ও নুরুল হাসানকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন সাকিব। তাকে হ্যাটট্রিক বঞ্চিত করলেও পরের বলেই সাজঘরের পথ ধরেন মুমিনুল হক।