সাব্বিরের অর্ধশতকে প্রাইম ব্যাঙ্কের জয়
সাব্বির রহমানের অর্ধশতকে বিজয় দিবস টি-টোয়েন্টিতে ইউসিবি-বিসিবি একাদশকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব।
সোমবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৩ রান করে ইউসিবি-বিসিবি একাদশ।
রনি তালুকদারের ৩৪ রানের পরও ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ইউসিবি-বিসিবি একাদশের শুরুটা ভালো হয়নি। এরপর মার্শাল আইয়ুব (৪০) ও নাঈম ইসলাম (অপরাজিত ৩২) চেষ্টা করলেও সংগ্রহ খুব একটা বড় হয়নি ইউসিবি-বিসিবি একাদশের।
২০ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাঙ্কের সেরা বোলার শাহাদাত হোসেন।
জবাবে ১৭ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাঙ্ক।
উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক ২৪ রান করলেও প্রাইম ব্যাঙ্ককে সহজ জয় এনে দেয়ার কৃতিত্ব সাব্বির রহমান ও অধিনায়ক সাকিব আল হাসানের। তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়ে সাকিব (৩৩) বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন সাব্বির।
৫০ রানে অপরাজিত সাব্বিরের ৪১ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম দিন আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছিল ইউসিবি-বিসিবি একাদশ।
আর মোহামেডানের কাছে ৫ উইকেটে হেরেছিল প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব।
