ওয়ানডেতে নেই পিটারসেন, সোয়ান, অ্যান্ডারসন
অ্যাশেজের পর অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের দুটি সিরিজ থেকে তিন অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর দেশে ফেরত যাবেন ব্যাটম্যান কেভিন পিটারসেন এবং দুই বোলার গ্রায়েম সোয়ান ও জেমস অ্যান্ডারসন।
পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের দলে রাখা হয়নি চাপজনিত অসুস্থতার কারণে ইংল্যান্ডে ফেরত যাওয়া জোনাথান ট্রটকেও। অ্যাশেজের পর ১২ জানুয়ারি হবে প্রথম ওয়ানডেটি।
অভিজ্ঞ তিন ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার কারণও জানালেন ইংল্যান্ডের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ইংলিশ ক্রিকেটাররা তিন ধরনের ক্রিকেটে বছরের ১২ মাস ধরে খেলতে পারবেন না বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অস্ট্রেলিয়া ও তাদের প্রতিবেশী নিউ জিল্যান্ডে ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে বলে পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়া হয়েছে কয়েকজন তরুণ ক্রিকেটারকে। দলে তাই সুযোগ পেয়েছেন মাইকেল কারবেরি, বয়েড র্যাংকিন ও ড্যানি ব্রিগসের মতো ক্রিকেটাররা।
টেস্ট অধিনায়ক অ্যালেস্টার কুকই ওয়ানডে সিরিজে ১৬ সদস্যের ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন। ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলের অধিনায়ক যথারীতি পেসার স্টুয়ার্ট ব্রড।
ইংল্যান্ডের ওয়ানডে দল: অ্যালেস্টার কুক (অধিনায়ক), রবি বোপারা, ওয়েন মরগান, বয়েড র্যাংকিন, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল, জো রুট, জস বাটলার, মাইকেল কারবেরি, স্টিভেন ফিন, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড, ইয়ান বেল, ড্যানি ব্রিগস, টিম ব্রেসনান ও গ্যারি ব্যালেন্স।
টি-টোয়েন্টি দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), রবি বোপারা, টিম ব্রেসনান, ড্যানি ব্রিগস, জস বাটলার, জেইড ডার্নব্যাচ, স্টিভেন ফিন, অ্যালেক্স হেইলস, মাইকেল লাম্ব, ওয়েন মরগান, বয়েড র্যাংকিন, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল, লুক রাইট।
