দক্ষিণ আফ্রিকার সান্ত্বনার জয়
তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে পাকিস্তান আগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলায় এই জয় সান্ত্বনা ছাড়া আর কিছু দিতে পারছে না স্বাগতিক দলকে।
সিরিজে মিসবাহ-উল-হক ও তার সতীর্থদের জয়ের ব্যবধান ২-১। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই পাকিস্তানের প্রথম দ্বি-পক্ষীয় ওয়ানডে সিরিজ জয়।
শনিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৫ বলে ১৭৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
৯৭ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া পাকিস্তানকে বড় ধরনের লজ্জার হাত থেকে বাঁচিয়েছে অধিনায়ক মিসবাহ ও আব্দুর রেহমানের (২২) ৫১ রানের অষ্টম উইকেট জুটি।
মিসবাহর ১০৭ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস সাজানো ছিল ৪টি চার ও ২টি ছক্কায়।
২৬ রানে ৩ উইকেট নিয়ে ভার্নন ফিল্যান্ডার দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
জবাবে ৩৮ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
হাশিম আমলা ৪১ রান করলেও ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যায় স্বাগতিকরা।
তবে এবি ডি ভিলিয়ার্সের দৃঢ়তা লক্ষ্যে পৌঁছে দেয় দক্ষিণ আফ্রিকানদের। ডি ভিলিয়ার্সের ৬৩ বলে অপরাজিত ৪৮ রানের অধিনায়কোচিত ইনিংসে চার মাত্র ৩টি, তবে কোনো ছক্কা নেই।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৬.৫ ওভারে ১৭৯ (আমিন ২৫, শেহজাদ ০, শফিক ১, মাকসুদ ২৫, মিসবাহ ৭৯*, উমর ৫, বিলাওয়াল ১, আনওয়ার ১, রেহমান ২২, তানভীর ৬, আজমল ০; ফিল্যান্ডার ৩/২৬, ম্যাকলারেন ২/২৮, সোতসোবে ২/৩৮, তাহির ২/৫৬, পার্নেল ১/৩০)
দক্ষিণ আফ্রিকা: ৩৮.৪ ওভারে ১৮১/৬ (ডি কক ১৫, আমলা ৪১, ডেভিডস ৭, ডুমিনি ১৬, ডি ভিলিয়ার্স ৪৮*, মিলার ২৪, ম্যাকলারেন ১৭, পার্নেল ৭*; আজমল ২/৩৪, বিলাওয়াল ১/৩৫, রেহমান ১/৪০, তানভীর ১/৪২)
ম্যাচ সেরা: ভার্নন ফিল্যান্ডার
সিরিজ সেরা: সাঈদ আজমল।
