২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিক ‘ঝড়ে’ শেখ জামালের জয়

অধিনায়ক মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ করলো তারকা-খচিত শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ ম্যাচে নবাগত কলাবাগান অ্যাকাডেমিকে ৪ উইকেটে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮০ বলে অপরাজিত ৯৭ রান করে দলকে জয়ের বন্দরে নেয়ার পথে ৮টি ছক্কা আর ২টি চার মারেন মুশফিক।

শুক্রবার বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে আব্দুল মজিদের শতকের পরও ৫ বল বাকি থাকতে ২২৩ রানে অলআউট হয়ে যায় কলাবাগান।

১০২ রান করা মজিদের ১১৮ বলের ইনিংসে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান সগির হোসেনের। মার্শাল আইয়ুব ৩০ ও অভিষেক মিত্র ২৬ রান করেন। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

৫৬ রানে ৪ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এছাড়া তানভীর হায়দার ও ইলিয়াস সানি দুটি করে উইকেট নেন।

জবাবে ৩৯ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।

তৃতীয় উইকেটে তুষার ইমরানের (৬২) সঙ্গে মুশফিকের ৯৭ রানের জুটি শেখ জামালকে সহজ জয় এনে দেয়। দলীয় ১৩৮ রানে তুষার বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ম্যাচসেরা মুশফিক। 

কলাবাগানের পক্ষে শরীফ উল্লাহ ৪৯ রানে নেন ৩ উইকেট।

১৫ খেলায় দশটি জয় নিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ করলো শেখ জামালের। সমান খেলায় কলাবাগানের এটি অষ্টম পরাজয়।