বিসিবির পরিকল্পনায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির পঞ্জিকা অনুযায়ী, আগামী জানুয়ারিতে বিপিএলের তৃতীয় আসর হওয়ার কথা ছিল। তবে দ্বিতীয় বিপিএলের গড়াপেটার মীমাংসা না হওয়া পর্যন্ত এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
অথচ আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। এই প্রতিযোগিতার প্রস্তুতির জন্য ৬০ জন ক্রিকেটারকে চারটি অঞ্চলে ভাগ করে একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা বিসিবির।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “আমাদের খেলোয়াড়রা খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পায় না। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রতিযোগিতার প্রস্তুতির জন্য আমরা ক্রিকেটারদের কিছু ম্যাচ খেলার সুযোগ করে দিতে চাই।”
“ক্রিকেটাররা টানা খেলার মধ্যে আছে। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর ওদের সাত দিনের বিশ্রাম দেয়া হবে। বিশ্রাম শেষে দুই-এক দিনের মধ্যে টি-টোয়েন্টি টুর্নামেন্টটা শুরু হতে পারে।”
বিসিবি সভাপতি জানিয়েছেন, এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। ঘরের মাঠে এই টেস্ট সিরিজের প্রস্তুতি ভালোভাবে নেয়ার জন্যই সে সময় জাতীয় লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
